https://www.a1news24.com
,

অমিতাভের বাড়িতে হামলার ষড়যন্ত্র, এবার বাবা-ছেলেকে প্রাণনাশের হুমকি

বিনোদন ডেস্ক: বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিনেতা অভিষেক বচ্চনকে প্রাণনাশের হুমকি দিয়েছেন গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে দুই অভিনেতাকে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন তিনি। এমনকি নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ কাচ ব্যবহার করলেও রক্ষা পাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন এই গ্যাংস্টার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দিল্লি পুলিশের বিশেষ শাখা সম্প্রতি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তারা হলেন বিকাশ ঠাকুর ও দীপক সিং। এই গ্রেপ্তারের পরও অমিতাভকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা থেমে যায়নি বলে দাবি করেছেন গোল্ডি ধিলোঁ। তার দাবি, মুম্বাইয়ে তার প্রায় ২০০ সহযোগী সক্রিয় রয়েছে।

পোস্টে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে বক্তব্য দেয়া ব্যক্তিদেরও হুমকি দিয়েছেন তিনি। বিশেষ করে অমিতাভ ও অভিষেকের নাম উল্লেখ করে তাদের নিরাপত্তাব্যবস্থা ভেদ করে হামলার হুঁশিয়ারি দেয়া হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টের সত্যতা এবং সেখানে করা দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এই হুমকির ঘটনা এমন এক সময়ে সামনে এল, যখন অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাসভবন জলসার বাইরে গুলি চালানোর ষড়যন্ত্রের সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তদন্তকারীদের ধারণা, গ্রেপ্তার দুজনের সঙ্গে এই পরিকল্পনার যোগসূত্র থাকতে পারে। পুলিশের দাবি, বিকাশ ঠাকুরকে দিল্লির এক ব্যবসায়ীকে গুলি করার দায়িত্ব দেওয়া হয়েছিল। অন্যদিকে, দীপক সিংয়েরও এ ঘটনায় যুক্ত থাকার সন্দেহ রয়েছে। তাদের পরিকল্পনার সঙ্গে অমিতাভকে লক্ষ্য করে হামলার ষড়যন্ত্রের যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এর আগে গত এক মাসে অমিতাভের বাসভবন জলসায় বোমা হামলার হুমকি দিয়ে তিনটি ই-মেইল পাঠানো হয়েছিল। নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে গত ১ নভেম্বর ভক্তদের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাতের সময় বুলেটপ্রুফ কাচের আড়ালে দেখা যায় অভিনেতাকে। সাধারণত বাড়ির বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করলেও সেদিন তিন দিক থেকে কাচ দিয়ে ঘেরা একটি সুরক্ষিত কাঠামোর ভেতরে দাঁড়িয়েছিলেন তিনি।

আরো..