https://www.a1news24.com
,

শাকিবের দাবি পাকিস্তানে সিনেমা হল ১২০০টি, প্রকৃত সংখ্যা কত

পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান। তবে দেশটির সিনেমা হলের সংখ্যা নিয়ে তার দেওয়া তথ্যে দেখা দিয়েছে অসংগতি। শাকিবের দাবি, পাকিস্তানে বর্তমানে প্রায় ১ হাজার ২০০টি সচল সিনেমা হল রয়েছে। অথচ দেশটির সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সচল সিনেমা হলের সংখ্যা মাত্র ৪৮টি এবং পর্দা রয়েছে ১১৫টি।

শাকিব খান বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানের চলচ্চিত্রশিল্পের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান। তিনি বলেন, আগে পাকিস্তানের সিনেমা ইন্ডাস্ট্রি সম্পর্কে ইতিবাচক ধারণা ছিল না। তবে খোঁজ নিয়ে জেনেছেন, সেখানে অনেক আধুনিক মাল্টিপ্লেক্স রয়েছে। একটি সিনেমা ব্যবসাসফল হলে ২০০ থেকে ৩০০ কোটি রুপি পর্যন্ত আয় করতে পারে। এদিকে শাকিবের আসন্ন সিনেমা ‘মোহাব্বত’ নিয়েও আলোচনা চলছে। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে পাকিস্তানি অভিনেত্রীকে দেখা যেতে পারে। তবে এখনো নায়িকার নাম প্রকাশ করা হয়নি।

পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত সর্বশেষ নির্ভরযোগ্য বিস্তারিত পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে ৪৮টি সচল সিনেমা হল এবং ১১৫টি সচল পর্দা (স্ক্রিন) রয়েছে। এই তথ্য প্রকাশ করে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন, ১৮ মার্চ ২০২৫-এর এক প্রতিবেদনে। প্রদর্শক নাদিম মান্দিভাল্লার দেয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।

তবে ২০২৪ সালের ১০ এপ্রিল পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছিল, দেশটিতে আনুমানিক ৬০টি সিনেমা হল ও ১৫০টি পর্দা ছিল। আরও সাম্প্রতিক তথ্য হিসেবে, ২০২৫ সালের ৭ জুন ডন জানায়, পাকিস্তানে গত সাত বছরে ৬৭টি সিনেমা হল বন্ধ হয়েছে। পাঞ্জাবে তখন সচল ছিল মাত্র ৩৯টি হল।

কেন বন্ধ হচ্ছে সিনেমা হল
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, পর্যাপ্ত সিনেমার অভাব, করোনার পর দর্শকদের অভ্যাস পরিবর্তন এবং ভারতীয় সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা পাকিস্তানের হল সংকটের অন্যতম কারণ।

২০১৬ সালে ভারতীয় চলচ্চিত্র প্রযোজক সমিতি পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা দিলে পাকিস্তানও ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধ করে। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে হৃতিক রোশনের ‘কাবিল’ মুক্তির মাধ্যমে নিষেধাজ্ঞা সাময়িকভাবে উঠলেও ২০১৯ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের উত্তেজনার কারণে তা আবার কার্যকর হয়।এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা, টিকিটের উচ্চমূল্য ও বিনিয়োগের অভাবও দেশটির চলচ্চিত্রশিল্পের সংকট বাড়িয়েছে বলে ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরো..