https://www.a1news24.com
,

ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ‘সেভেন আপ’ খাওয়াল ব্রাজিল

খেলা ডেস্ক:
সিঙ্গাপুর ০-৭ ব্রাজিল

রায়ান ৬৫ মিনিটে ব্রাজিলের ছয় নম্বর গোলটি করার পর ক্যামেরায় ধরা পড়লেন কার্লো আনচেলত্তি। ভিআইপি বক্সে বসে চোখে সেই ভ্রকুটি রেখে হাত নেড়ে কিছু একটা বলছিলেন। দেখে মনে হলো না খুব একটা সন্তুষ্ট। কী আজব চাকরি! দল ছয় গোল করলেও উচ্ছ্বাস প্রকাশ করাটা ঝুঁকিপূর্ণ। এমনিতেই ব্রাজিলে কেউ কেউ তাঁর মুণ্ডুপাত করছেন।

৭৪ মিনিটে আরও একটি গোল হলো। সেটি প্রীতি ম্যাচ বলে সিঙ্গাপুরের ‘বিশেষ’ অতিথিসেবা, অর্থাৎ আত্মঘাতী। নিজেদের জাতীয় স্টেডিয়ামে এশিয়ার দেশটি অনুচ্চারে যেন বুঝিয়ে দিল, শুধু ‘সেভেন আপ’ খেলে হবে না, খাওয়াতেও হবে।

আগের ম্যাচে দুটি লাল কার্ড দেখা ব্রাজিলও যেন ভদ্রতা দেখিয়ে না করতে পারল না। তাতে পুনরাবৃত্তি ঘটে ১২ বছর আগের বিশ্‌কাপ সেমিফাইনাল ম্যাচেরই শেষ দিকের দৃশ্যের। সেই ম্যাচে ব্রাজিলের জালে ৭ গোলের পর জার্মানি আর গোলের চেষ্টা করেনি। সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিল একেবারেই যে গোলের চেষ্টা করেনি, তা নয়। চাইলে আরও গোল দিতে পারত। সেটা না হওয়ায় বাধ্য হয়েই ফুটবলের ভাষায় বলতে হয়, গোল মিস করেছেন।

সিঙ্গাপুর অবশ্য মিস করার সুযোগও বের করতে পারেনি। তাতে ‘মিনেরাইজ্জো ট্র্যাজেডি’র মতো হুবুহ কিছু একটা প্রতিপক্ষকে ফিরিয়ে দিতে না পারার দুঃখ পেতে পারে ব্রাজিল। এশিয়ার দেশটিকে ৭-০ গোলে হারিয়ে ব্রাজিলের বছর শেষ করার এ ম্যাচে প্রাপ্তি একটাই। জাতীয় দলের হয়ে প্রথম হ্যাটট্রিক পেয়েছেন ভিনিসিয়ুস। দুই ম্যাচে মোট ৫ গোল করা ভিনিকে ফিরে পাওয়া নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের একমাত্র প্রাপ্তিও।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৪৮তম (ম্যাচের আগে) সিঙ্গাপুরের বিপক্ষে এমন কিছু যে ঘটতে পারে সেটা অনুমান করা গিয়েছিল। গত শনিবার এ মাঠেই প্রথম প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলের হারে ব্রাজিলের তেতে থাকার কথা। সিঙ্গাপুরের দূভার্গ্য যে,ভিনিদের রাগ মেটানোর মাধ্যম হলো তাঁরা।

অবশ্য ব্রাজিলের সমর্থকদের কেউ কেউ সিঙ্গাপুরের পাশে দাঁড়াতে পারেন অন্য এক কারণে। ফিফা র‌্যাঙ্কিং বিচারে গত ২৮ বছরের মধ্যে কখনো এত দুর্বল দলের বিপক্ষে খেলেনি ব্রাজিল। ১৯৯৮ সালে খেলেছিল সে সময় র‌্যাঙ্কিংয়ে ১৮৫তম অ্যান্ডোরার বিপক্ষে। তাই প্রায় তিন দশকের মধ্যে মুখোমুখি হওয়া সবচেয়ে দুর্বল দলের বিপক্ষে ২১ মিনিটের ভিনির হ্যাটট্রিক ও প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যাওয়ার পর কি আর গোল করার দরকার ছিল?

সেই প্রশ্ন কিন্তু উঠতে পারে। ওহ, ভালো কথা, প্রথমার্ধে এস্তোভাও ও রায়ানের গোল বাতিল হয়। অর্থাৎ, ওই অর্ধে ছয়বার বল জালে পাঠিয়েছে ব্রাজিল। তবু সাধ না মেটার কারণ সম্ভবত, সর্বশেষ ম্যাচে হার এবং বড় দলের বিপক্ষে ধারাবাহিক হতে না পারার জমে থাকা ক্ষোভ। কিন্তু শিষ্যরা সেটা সিঙ্গাপুরের মতো দলের বিপক্ষে মেটানোতেই কি আনচেলত্তির মুখে হাসি ফোটেনি?

আরো..