https://www.a1news24.com
,

সাফ চ্যাম্পিয়নশিপ: রোমাঞ্চকর ড্রয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ, সেমিফাইনালে বাংলাদেশ

২৩ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধারের পথে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। গ্রুপের অপর দুই দল শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যকার ম্যাচটি ২–২ গোলে ড্র হওয়ায় এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে ভুটানের বিপক্ষে ১–০ ব্যবধানের জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

রোববার (৮ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হয় শ্রীলঙ্কা ও ভুটান। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে দুই দলই সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে তারা। ম্যাচটি ড্র হওয়ায় এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ থেকে বাংলাদেশের শেষ চারের টিকিট নিশ্চিত হয়ে যায়।

টুর্নামেন্টের সমীকরণ অনুযায়ী, এই ম্যাচে ভুটান হেরে গেলে বা ড্র করলেই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার কথা ছিল। কারণ ড্র করায় ভুটান দুই ম্যাচ খেলে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করবে, যেখানে বাংলাদেশের সংগ্রহ ইতিমধ্যেই ৩ পয়েন্ট।

গ্রুপ পর্বের পরবর্তী ও শেষ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই হাইভোল্টেজ ম্যাচটি এখন দুই দলের জন্য গ্রুপ সেরা নির্ধারণের লড়াইয়ে পরিণত হয়েছে। এদিকে, বি গ্রুপ থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান।

আরো..