https://www.a1news24.com
,

বাগেরহাটে শিশু ও যুবদের জন্য নিরাপদ ডিজিটাল পরিসর নিশ্চিত করতে সুশীল সমাজের সমন্বয় জোরদারের আহ্বান

বাগেরহাট প্রতিনিধিঃ
ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু ও যুবদের সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় নাগরিক সমাজ সংগঠনগুলোর (সিএসও) মধ্যে পারস্পরিক সমন্বয় ও কার্যকর উদ্যোগ জোরদার করার আহ্বান জানানো হয়েছে। বুধবার (৪ নভেম্বর) শহরের ধানসিড়ি হোটেলের সম্মেলন কক্ষে বাগেরহাটে ইনসিডিন বাংলাদেশ-এর বাস্তবায়িত ‘ইইউ স্পিক আপ’ প্রকল্পের আওতায় আয়োজিত এক বিশেষ অংশীজন ও সমন্বয় সভায় বক্তারা এই গুরুত্বারোপ করেন। অনুষ্ঠিত এই সভায় স্থানীয় নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং শিশু ও যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে শিশুরা প্রতিনিয়ত সাইবার বুলিং, অনলাইন হয়রানি ও সহিংসতার শিকার হচ্ছে। এই ঝুঁকি মোকাবেলা এবং একটি ভীতিহীন অনলাইন পরিবেশ তৈরি করতে কেবল একক প্রচেষ্টা যথেষ্ট নয়, বরং সুশীল সমাজ এবং সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা জরুরি।
সভায় মূলত অনলাইন অপরাধের শিকার ভুক্তভোগী ও সারভাইভারদের জন্য দ্রুত আইনি, মানসিক ও সামাজিক সহায়তা নিশ্চিতকরণ এবং প্রান্তিক অঞ্চলের শিশুদের সুরক্ষায় বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সাথে নাগরিক সমাজের সমন্বিত কার্যক্রম বাড়ানোর তাগিদ দেওয়া হয়।

নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে শিশু, অভিভাবক ও শিক্ষকদের প্রযুক্তিগত সচেতনতা বৃদ্ধি এবং সাইবার নিরাপত্তা আইনের সঠিক প্রয়োগের ওপর জোর দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সভাটি পরিচালনা করেন ইনসিডিন বাংলাদেশরে প্রকল্প সমন্বয়ক রাফিউল আলী ও পরিচালনায় সহযোগিতা করেন উদয়ন বাংলাদেশ নির্বাহী পরিচালক শেখ আসাদ।

আরো..