https://www.a1news24.com
২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৩

পর্তুগালকে ভয় ধরিয়ে দিয়েও পারল না বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইউরোপের পরাশক্তিদের চোখে চোখ রেখে লড়াই করছে বাংলাদেশের কিশোররা। প্রথম ম্যাচে ওয়েলসকে রুখে দেওয়ার পর, আজ পর্তুগালের মতো শক্তিশালী দলের বিপক্ষে শুরুতেই লিড নিয়ে চমক দেখিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে শেষ পর্যন্ত ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। দিনের দ্বিতীয় ম্যাচে আজ ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।প্রথমবারের মতো বৈশ্বিক পরিসরে আয়োজিত হচ্ছে ফিফা অনূর্ধ্ব-১৫ ফেস্টিভ্যাল। ১৯১টি দেশের অংশগ্রহণে ৩২টি গ্রুপে বিভক্ত হয়ে চলছে এইট-এ-সাইড (৮ জনের দল) ফরম্যাটের এই টুর্নামেন্ট।

প্রতি অর্ধে ২০ মিনিট করে মোট ৪০ মিনিটের লড়াইয়ে আজ ম্যাচের দ্বিতীয় মিনিটেই বায়েজিদের দুর্দান্ত গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ফুটবল পরাশক্তি ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশের বিপক্ষে এমন শুরুতে দারুণ কিছুর স্বপ্ন বুনছিল দলটি।কিন্তু অভিজ্ঞতার ঘাটতি আর কিছু ভুলে শেষ পর্যন্ত লিড ধরে রাখা সম্ভব হয়নি।এর আগে, নিজেদের প্রথম ম্যাচে ইউরোপের আরেক দল ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা।

সুদূর আজারবাইজানে এই বিশ্বমঞ্চে খেলতে যাওয়ার পেছনে রয়েছে লম্বা প্রস্তুতি। ২০২৪ সালের শেষ ভাগে দেশব্যাপী অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেখান থেকে বাছাইকৃত প্রতিভাবানদের নিয়ে ক্যাম্প এবং পরবর্তীতে উন্মুক্ত ট্রায়ালের মাধ্যমে চূড়ান্ত দল গঠন করা হয়। দুই মাসেরও বেশি সময়ের নিবিড় অনুশীলনের সুফলই যেন মাঠে দেখাচ্ছে দলটি।

বিশ্ব ফুটবলে ওয়েলস কিংবা পর্তুগালের চেয়ে যোজন যোজন পিছিয়ে বাংলাদেশ। তবে ইউরোপের এই প্রতিষ্ঠিত দলগুলোর বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করা, পয়েন্ট আদায় করা এবং লিড নেওয়ার মতো ঘটনাগুলো বাংলাদেশের ফুটবলের ভবিষ্যতের জন্য নিঃসন্দেহে বড় একটি ইতিবাচক দিক।

আরো..