https://www.a1news24.com
২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩১

শিক্ষাঙ্গনে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে হবে: ডাঃ ইরান

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, নৈরাজ্য ও অনিয়মের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে ছাত্র মিশনকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদের জুলুম, দুর্নীতি, দুঃশাসন, লুটপাট ও বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হলেও জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসেনি। তাঁর অভিযোগ, বর্তমান সরকার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।

তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনতা অর্থবহ পরিবর্তনের প্রত্যাশা নিয়ে জুলাই আন্দোলনে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু দুঃখজনকভাবে শুধু ক্ষমতার হাতবদল হয়েছে, রাষ্ট্র ও সমাজব্যবস্থায় কাঙ্ক্ষিত অর্থবহ পরিবর্তন হয়নি। শোষণ, বৈষম্য, দুর্নীতি ও অন্যায়ের অবসান ঘটিয়ে ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে ছাত্র-জনতাকে নতুন করে ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রয়োজনে রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে।

আজ (শুক্রবার) বিকাল ৫টায় রাজধানীর সেগুনবাগিচায় ২৭/৮এ তোপখানা রোডে বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ শুভ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন, ঢাকা মহানগর আহ্বায়ক রায়হান উদ্দিন সনি, সদস্য সচিব মোঃ সিয়াম মোল্লা, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন লিটন, প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত এবং কেন্দ্রীয় সদস্য মোঃ সাব্বির হোসেন ও আদেল উদ্দীন আল মাহমুদ প্রমুখ।

সভায় আগামী ২৭ নভেম্বর ঢাকা মহানগর ছাত্র মিশনের সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সম্মেলন সফল করতে ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়। (প্রেস বিজ্ঞপ্তী)

আরো..