https://www.a1news24.com
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১২

দেশে ডেঙ্গু ও হামে এক দিনে ১৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,৯৯৭

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ডেঙ্গুতে ৯জন এবং হামের উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায়, অর্থাৎ গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত হাম ও উপসর্গে ছয়জন মারা গেছে । এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ৬৬ জন। আর নিশ্চিত হামে মৃত্যু ১০৪ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৭০ জন।

একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে এক হাজার ২১৩ জনের শরীরে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম সন্দেহে মোট ২ লাখ ৭ হাজার ৩৭১ জন রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৭১২ জন।এ সময়ে হাম সন্দেহে মোট ১ হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১ হাজার ৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৭ জন।গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে আক্রান্তদের মধ্যে মোট ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম পরিস্থিতি মোকাবিলায় নজরদারি ও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে প্রতিদিন নতুন রোগী শনাক্ত ও হাম সন্দেহে মৃত্যুর ঘটনা জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু: দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। চলতি বছরে ডেঙ্গুতে সারাদেশে এ পর্যন্ত মারা গেছেন ৩১৬ জন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৪৬৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯১ জন, খুলনা বিভাগে ২৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন, রাজশাহী বিভাগে ১৮৪ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রয়েছেন।

চলতি বছরের ১৩ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ তিন হাজার ৩৯৬ জন। চলতি বছরে এ যাবৎ মোট ৯৭ হাজার ২৯৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

আরো..