https://www.a1news24.com
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৪

আজকে কোথায় গেল আপনাদের সেই প্ল্যান: নাহিদ ইসলাম

নির্বাচনের আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতি ও পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, গ্যাস-বিদ্যুতের সংকটে কারখানা বন্ধ হচ্ছে, অন্যদিকে সিলিন্ডার গ্যাসের দাম বাড়িয়ে সিন্ডিকেট করা হচ্ছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়ামে আয়োজিত নাগরিক সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি বলেছিলেন, আপনাদের প্ল্যান ছিল। আজকে কোথায় গেল আপনাদের সেই প্ল্যান?’

নাহিদ বলেন, গত সাত-আট মাসে দেখা গেছে, দেশ পরিচালনায় প্রধানমন্ত্রীর কোনো পরিকল্পনা নেই। দেশের পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে।

তিনি বলেন, মানুষ আশা করেছিল দেশের অর্থনীতির লাগাম টেনে ধরা হবে এবং অর্থ পাচারকারীদের বিচারের আওতায় আনা হবে। কিন্তু আগের অর্থ পাচারকারীর জায়গায় নতুন অর্থ পাচারকারী এসেছে। তারা আগের ব্যক্তিদের কাছ থেকে ভাগ নিয়ে নিজেদের পকেট ভরছে বলেও অভিযোগ করেন তিনি।

এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, নির্বাচনের পর বিএনপি সরকার দেশে আবারও বৈষম্য সৃষ্টি করেছে। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সিন্ডিকেটের মাধ্যমে আওয়ামী লীগের মতোই দেশ পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের অবস্থা হচ্ছে—বিদেশে আওয়ামী লীগ, দেশে বিএনপি। ’ এই দুই শক্তির কারণে মানুষ অধিকার ফিরে পাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা নষ্ট হয়েছে।

আওয়ামী লীগের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ দলটিকে প্রত্যাখ্যান ও পরাজিত করেছে। দলটির নেতাকর্মীরা বিদেশে বসে বিভিন্নভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদের দাবি, নির্বাচনের আগে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছিল। নির্বাচনে জয়ী হওয়ার পর সারা দেশে মামলা-বাণিজ্য করা হয়েছে। মামলার ভয় দেখিয়ে ভোট কেনা এবং আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের নিজেদের কাজে ব্যবহারের অভিযোগও তোলেন তিনি। তিনি বলেন, ‘চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে। ’

বিএনপির আন্দোলন ও ক্ষমতায় আসা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দলটি যদি এককভাবে আওয়ামী লীগকে পরাজিত করে ক্ষমতায় আসতে পারত, তাহলে গত ১৬ বছরেই তা সম্ভব হতো। কিন্তু এই সময়ে বিএনপি রাজপথে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ আরও বলেন, ছাত্র-জনতা রাজপথে না নামলে এবং সাধারণ মানুষ জীবন না দিলে বিএনপির পক্ষে ক্ষমতায় আসা সম্ভব হতো না। এমনকি তারেক রহমানেরও লন্ডন থেকে বাংলাদেশে ফেরা সম্ভব হতো না বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।

আরো..