https://www.a1news24.com
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১১

হঠাৎ কনের সাজে বিয়ের আসরে প্রভা, ক্যাপশনে রহস্য বাড়ছে

অভিনয়ে বেশ কিছুদিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। কালেভদ্রে পর্দায় দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিয়মিত ছবি ও নানা মুহূর্তের পোস্ট দিয়ে অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।

প্রভা রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে তিনটি ছবি প্রকাশ করেন। ছবিগুলো প্রকাশের পরই নজর কাড়ে তার বিয়ের সাজ। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি আর হাতে শাঁখা-পলা সনাতন ধর্মের বিয়ের রীতিতে বধূ সেজেছেন অভিনেত্রী।

ছবিতে দেখা যায়, একটি বাড়ির উঠোনে সাজানো হয়েছে বিয়ের আসর। ওপরে টানানো হয়েছে রঙিন কাগজের সুতো, পাশে রয়েছে কলাগাছ। বিয়ের আনুষঙ্গিক বিভিন্ন জিনিসও রাখা হয়েছে সেখানে। সেই আয়োজনের মাঝেই বধূর বেশে বসে থাকতে দেখা যায় প্রভাকে। তবে এটি তার নিজের বিয়ে নয়। এমন সাজের কারণও সরাসরি জানাননি অভিনেত্রী। বরং ছবির সঙ্গে দেয়া ক্যাপশনে লিখেছেন, আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।

প্রভার এই বক্তব্য থেকেই ধারণা করা হচ্ছে, অভিনয়ের কোনো চরিত্রের প্রয়োজনেই এমন সাজ নিয়েছেন তিনি। তবে কোন নাটক, সিনেমা বা অন্য কোনো কনটেন্টের শুটিংয়ের অংশ হিসেবে এই সাজ, তা এখনো জানাননি অভিনেত্রী।

এদিকে সম্প্রতি নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন প্রভা। এর একটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমাটির বেশির ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে। এ ছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরও একটি সিনেমা রয়েছে তার হাতে। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

আরো..