নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, সৃজনশীলতার চর্চা এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের মেলবন্ধন ঘটানোর প্রত্যয়ে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো ম্যাক মাস্টার ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজধানীর মোহাম্মদপুরের সুচনা কমিউনিটি সেন্টারে ২৬ সেপ্টেম্বর শনিবার দিনব্যাপী জমকালো আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা, নাচ, গান, আবৃত্তি ও নাটকের মধ্য দিয়ে ফুটে ওঠে তাদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভার বহুমাত্রিক প্রকাশ।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্কুলটির প্রিন্সিপাল লায়না আরজুমান বানু। স্বাগত বক্তব্যে লায়না আরজুমান বানু শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, নৈতিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়; বরং একজন শিক্ষার্থীকে সৃজনশীল, নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলাও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ।’
উদ্বোধনী পর্বের পর শুরু হয় শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত সাংস্কৃতিক পরিবেশনা। স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেয়। তাদের পরিবেশনায় ছিল আবৃত্তি, ঐতিহ্যবাহী ও আধুনিক নৃত্য, নাটক এবং সমবেত সংগীত। প্রতিটি পরিবেশনায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দক্ষতা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের পরিবেশনায় সমসাময়িক বিষয়ভিত্তিক নাটক ‘ড্রামা বাই নেগেটিভ সাইডস অব সেলফোন’। প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে শিশু-কিশোরদের জীবনে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের নেতিবাচক প্রভাব এবং প্রযুক্তির সঠিক ও ইতিবাচক ব্যবহারের প্রয়োজনীয়তা নাটকটির মাধ্যমে তুলে ধরা হয়। কোমলমতি শিক্ষার্থীদের অভিনয়ে মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত নির্ভরতা, সময়ের অপচয় এবং এর বিভিন্ন নেতিবাচক দিকগুলো যেমন উঠে আসে, তেমনি প্রযুক্তিকে শিক্ষা ও ইতিবাচক কাজে ব্যবহারের গুরুত্বও তুলে ধরা হয়। সহজ-সাবলীল উপস্থাপনা ও শিক্ষণীয় বার্তার কারণে নাটকটি দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলে। পরিবেশনা শেষে শিক্ষার্থীরা উপস্থিত অভিভাবক ও দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা ও করতালি লাভ করে।
অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আমেজ। শিক্ষার্থীদের কেউ মঞ্চে নৃত্যের ছন্দে মাতিয়েছে দর্শকদের, কেউ আবৃত্তির মাধ্যমে প্রকাশ করেছে নিজের অনুভূতি, আবার কেউ গান ও নাটকের মধ্য দিয়ে তুলে ধরেছে সমাজ ও জীবনের নানা দিক। অভিভাবকরাও সন্তানদের এমন সৃজনশীল পরিবেশনায় উচ্ছ্বসিত ছিলেন।
শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত একাডেমিক কার্যক্রমের বাইরে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি দলগত কাজ, নেতৃত্ব, সৃজনশীলতা ও সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে দেশীয় সংস্কৃতির নানা উপাদানের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোরও সুযোগ তৈরি হয়।
ম্যাক মাস্টার ইংলিশ মিডিয়াম স্কুলের এবারের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান তাই কেবল একটি বিনোদনমূলক আয়োজনেই সীমাবদ্ধ থাকেনি; বরং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, নৈতিক শিক্ষা এবং প্রযুক্তি ব্যবহারে সচেতনতার একটি সম্মিলিত বার্তা হয়ে উঠেছে। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনা ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনটি পরিণত হয় এক আনন্দমুখর ও স্মরণীয় সাংস্কৃতিক উৎসবে।