https://www.a1news24.com
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৯

মিরপুরে রাড্ডা ক্লিনিক ভাঙচুর, লুটপাট ও দখলদারিত্বের তীব্র নিন্দা

প্রেস বিবৃতি: রাজধানীর মিরপুর-১ নম্বরে দীর্ঘ ৫০ বছর ধরে গরিব, অসহায় মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে আসা ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ ভারী যন্ত্রপাতি দিয়ে গুঁড়িয়ে দেওয়া, ব্যাপক ভাঙচুর ও লুটপাট, সরকারি টিকা ও স্বাস্থ্যসামগ্রী ধ্বংস এবং পুলিশের উপস্থিতিতে জমি দখলের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য।

দেশজুড়ে যখন হাম ও ডেঙ্গুর মতো সংক্রামক রোগে সাধারণ মানুষ, বিশেষ করে শিশুরা, গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে, তখন সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র এভাবে ধ্বংস করার গণস্বাস্থ্য ব্যবস্থা ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকারের ওপর গুরুতর আঘাত।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুলিশের উপস্থিতিতে বিপুলসংখ্যক সশস্ত্র ব্যক্তি দীর্ঘ সময় ধরে কেন্দ্রটিতে ভাঙচুর চালিয়ে জেনারেটর, আলট্রাসনোগ্রাম মেশিনসহ বিপুল পরিমাণ সামগ্রী লুট এবং হামের টিকাসহ সরকারি টিকাদান নথিপত্র নষ্ট করেছে। ঘটনায় স্থানীয় বিএনপি নেতার নাম উঠে আসা এবং জমি দখলের উদ্দেশ্যে একটি সংগঠনের সাইনবোর্ড স্থাপনের অভিযোগও অত্যন্ত উদ্বেগজনক।

স্বাস্থ্যসেবা কেন্দ্র ধ্বংস, সরকারি স্বাস্থ্যসামগ্রী নষ্ট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে দখলদারিত্বের এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং রাড্ডা ক্লিনিকের স্বাস্থ্যসেবা পুনঃস্থাপনের দাবি জানাচ্ছি।

গণস্বাস্থ্য ও সাধারণ মানুষের জীবন-জীবিকার স্বার্থে এ ধরনের দখলদারিত্ব, লুটপাট ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ নিশ্চিত করা জরুরি।

বিবৃতিতে স্বাক্ষর করেন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লালটু, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন, প্রগতি লেখক সংঘের কোষাধ্যক্ষ দীনবন্ধু দাশ, গণসংস্কৃতি কেন্দ্রের সমন্বয়ক জাকির হোসেন, সমাজচিন্তা ফোরামের আহ্বায়ক কামাল হোসেন বাদল, সমাজ অনুশীলন কেন্দ্রের সমন্বয়ক বিমল কান্তি দাশ, সংগঠক রঘু অভিজিৎ রায়, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক ডা. হারুনুর রশীদ, বাংলাদেশ থিয়েটারের দলপ্রধান খন্দকার শাহ আলম, বাংলাদেশ মাইম এসোসিয়েশনের সভাপতি ম. আবু হারুন টিটো, সংজোয়ারের সাধারণ সম্পাদক অংকন চাকমা, উদীচীর সহ-সাধারণ সম্পাদক ইকবালুল হক খান, চারণের সহ-সভাপতি কবি কামরুজ্জামান ভূঁইয়া এবং বিজ্ঞান আন্দোলন মঞ্চের সম্পাদক ইনজামাম প্রমুখ।

আরো..