কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি বলেন, দেশ যখন একটি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক ধারায় এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি চক্র দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার অপতৎপরতা চালাচ্ছে। কিন্তু জনগণ ও সচেতন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তাদের এই চক্রান্ত কখনই সফল হবে না।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে “পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে” সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর রেজিস্টি মাঠে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার দেশের সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে কড়া নজরদারির পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের নানা শুল্ক বাধা দূর করতে সফল উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, যেকোন গোষ্ঠীর সহিংসতা সৃষ্টির অপচেষ্টাকে রাজপথেই রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী।
সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গনি আরিফিন জিল্লুর, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, আমির হোসেন, ডাঃ আশরাফ আলী, আফজাল উদ্দিন ও আব্দুর রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ শোয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, আক্তার রশিদ চৌধুরী, মতিউল বারী খুর্শেদ ও আবুল কালা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, রফিকুল ইসলাম রফিক ও দেওয়ান জাকির, কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক ওলিউর রহমান চৌধুরী সুহেল, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদ, শাহপরান থানা বিএনপির আহবায়ক আব্দুল মুনিম, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, মহানগর যুবদলের সভাপতি মির্জা সম্রাট ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যুতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন প্রমুখ।