https://www.a1news24.com
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫২

হরমুজ প্রণালিতে হামলা নিয়ে উদ্বেগ, নিরাপদ সমুদ্রপথের আহ্বান মোদির

হরমুজ প্রণালিতে সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিরাপদ সমুদ্রপথ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (১২ সেপ্টেম্বর) ১৮তম ব্রিকস সম্মেলনের বিজনেস ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, নিরাপদ সমুদ্রপথ, সচল সরবরাহ ব্যবস্থা এবং নাবিকদের নিরাপত্তা ছাড়া বৈশ্বিক বাণিজ্যের অগ্রগতি সম্ভব নয়।

সম্প্রতি ভারতের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি জাহাজে হামলার ঘটনা এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কেন্দ্র হয়ে ওঠা হরমুজ প্রণালির পরিস্থিতির প্রসঙ্গেই মোদি এ উদ্বেগ জানান। তিনি বলেন, ভারত সবসময় নৌ চলাচলের স্বাধীনতা এবং নাবিকদের নিরাপত্তার পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে আসছে।

ব্রিকস দেশগুলোর ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তির কথাও তুলে ধরেন মোদি। তার ভাষ্য, বর্তমানে ব্রিকস দেশগুলো বিশ্বের প্রায় ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করছে। বৈশ্বিক জিডিপির ৪০ শতাংশ এবং বিশ্ব বাণিজ্যের ২৫ শতাংশের বেশি ব্রিকস দেশগুলোর দখলে।

মোদি বলেন, গত কয়েক বছরে বৈশ্বিক জিডিপি প্রায় আড়াই গুণ বাড়লেও ব্রিকস দেশগুলোর সম্মিলিত জিডিপি বেড়েছে প্রায় সাড়ে চার গুণ। অর্থাৎ বিশ্ব অর্থনীতির তুলনায় ব্রিকসের অর্থনৈতিক শক্তি প্রায় দ্বিগুণ গতিতে বেড়েছে।

তিনি আরও বলেন, ব্রিকস দেশগুলো বৈশ্বিক উদ্ভাবন ও নতুন প্রযুক্তির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে।ভারত বাণিজ্যিক বাধা কমিয়ে ব্যবসার সুযোগ বাড়াতে কাজ করছে বলেও জানান তিনি। বর্তমানে ৪০টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে ভারত।

ব্রিকসের বর্তমান সভাপতিত্বের আওতায় কৃষি, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন ও স্মার্ট গ্রিডের মতো খাতে নতুন সহযোগিতা নেটওয়ার্ক গড়ে তোলার কথাও জানান মোদি। একই সঙ্গে স্টার্টআপ ও ক্ষুদ্র-মাঝারি ব্যবসার জন্য বাজার ও অর্থায়নের সুযোগ বাড়াতে ব্রিকস ইনকিউবেটর নেটওয়ার্ক, ব্রিকস এমএসএমই পোর্টাল এবং ব্রিকস স্টার্টআপ ইনোভেশন ফান্ড চালুর কথা উল্লেখ করেন তিনি।

এদিকে নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে পৃথক বৈঠক করেন মোদি।

পুতিনের সঙ্গে বৈঠকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও কৃষ্ণসাগরীয় অঞ্চলের সংঘাত নিয়ে আলোচনা হয়। এ সময় মোদি বলেন, সংঘাত নিরসনের একমাত্র পথ হলো সংলাপ ও কূটনীতি। তথ্যসূত্র: এনডিটিভি

আরো..