আল জাজিরার প্রতিবেদন
গণ-অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়ার দুই বছরেরও বেশি সময় পর, বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনা আগামী মাসে দেশে ফেরার জন্য একটি নতুন পাসপোর্ট চাইছেন।
২০২৪ সালের ছাত্র আন্দোলনে প্রাণঘাতী দমনপীড়নের জন্য শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যদিও তিনি এই অভিযোগ স্বীকার করেননি। যেহেতু বর্তমান সরকার তার কট্টর রাজনৈতিক বিরোধী, তাই দেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার মুখোমুখি হতে হবে।
ঢাকা ইতোমধ্যে এই পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে এবং হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান, তবে তাকে ভারতের কাছ থেকে প্রত্যর্পণের পথ খোঁজার আহ্বান জানিয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর আল জাজিরাকে বলেন, বাংলাদেশ এমন কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না, যে হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে গেছে। ভারত থেকে এই সন্ত্রাসী হাসিনাকে ফেরত আনার জন্য বর্তমান প্রত্যর্পণ ব্যবস্থার অধীনে কাজ করা হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান যে, দেশে ফিরলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার সামনে রায় কার্যকর হওয়ার মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
তাহলে, ঠিক কী কারণে হাসিনার হয়ে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন একটি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন হলো। এর পেছনে তার প্রকৃত কৌশল বা ‘গেম প্ল্যান’ কী?
‘তিনি জানেন তার পরিণতি কী’
শেখ হাসিনা প্রায় ২০ বছর বাংলাদেশ শাসন করায় দেশে এখনও তাঁর কিছু সমর্থক রয়েছেন। অন্যদিকে একটি বড় অংশ তাঁর মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চান।তবে বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন—হাসিনা কি সত্যিই আইনের মুখোমুখি হতে দেশে ফিরতে চান, নাকি ভারতে নির্বাসনে থেকে নিজের রাজনৈতিক গুরুত্ব ও অবস্থান পুনরুদ্ধারের জন্য এই আশ্বাসকে ব্যবহার করছেন?
ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ’-এর সভাপতি জিল্লুর রহমানের মতে, হাসিনার এই পাসপোর্টের আবেদনটি অবিলম্বে দেশে ফেরার পরিকল্পনার চেয়ে নিজের আওয়ামী লীগ দলের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার একটি প্রয়াস মাত্র।
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত দল আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমি মনে করি তিনি নিজের পরিণতি কী তা জানেন। কিন্তু তিনি যা চান তা হলো আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে সক্রিয় রাখা। আমার জানামতে, তিনি কোনো অবস্থাতেই অন্য কারও হাতে দলের নেতৃত্ব হস্তান্তর করতে চান না। এটি তার নিজের এবং দলের জন্য একটি বড় সমস্যা। অন্যথায়, দলটি হয়তো টিকে থাকার অন্য কোনো পথ খুঁজে নিত।
ঢাকায় মার্কিন দূতাবাসের সাবেক ডেপুটি চিফ অব মিশন ও সাবেক অবসরপ্রাপ্ত মার্কিন কূটনীতিক জন এফ. ড্যানিলোভিচ আরও স্পষ্ট মন্তব্য করেছেন।
তিনি আল জাজিরাকে বলেন, ডিসেম্বরে হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। আমার দৃষ্টিতে, এটি একটি নিছক মিথ্যা বা চাল, যার উদ্দেশ্য সমর্থকদের চাঙ্গা করা এবং দেশে তার যে গ্রহণযোগ্যতা কমছে সেই আলোচনাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া।
গবেষণা প্রতিষ্ঠান ‘বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট’-এর জ্যেষ্ঠ গবেষণা পরিচালক ফাইজ সোবহানও হাসিনার এই প্রতিশ্রুতির পেছনে দলকে উজ্জীবিত করার চেষ্টা হিসেবে দেখছেন।আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ এবং এর অনেক নেতাই জেলে বা নির্বাসনে আছেন।
ফাইজ সোবহান বলেন, এই ঘোষণার ফলে শেখ হাসিনা রাজনৈতিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছেন এবং দেশের মানুষের মেজাজ বা পরিস্থিতি মেপে দেখতে পারছেন। তবে বাস্তবে তার ফিরে আসা অসম্ভব বলেই মনে হয়, কারণ এর মানে হবে ফাঁসির কাষ্ঠে ঝোলা অথবা জীবনের বাকিটা সময় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটানো।
বিশ্লেষকরা হাসিনার ফিরে আসার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করলেও, তার এই ঘোষণা আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীর মধ্যে নতুন প্রাণ সঞ্চার করেছে বলে মনে হচ্ছে।
ভারত থেকে নাম প্রকাশ না করার শর্তে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক সাংগঠনিক সম্পাদক আল জাজিরাকে বলেন, আমাদের নেত্রী ফিরে আসবেন। তারা আগেও তাকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। তারা আবারও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তবে তিনি সব ষড়যন্ত্র কাটিয়ে ফিরে আসবেন।
হাসিনা কীভাবে ফিরবেন এবং এটি বাস্তবায়নে দল কী পদক্ষেপ নিচ্ছে জানতে চাওয়া হলে, অনেক আওয়ামী লীগ নেতা ও সমর্থক স্বীকার করেন যে তার কৌশল বা ‘গেম প্ল্যান’ সম্পর্কে তাদের সুনির্দিষ্ট কোনো ধারণা নেই।
ঢাকাভিত্তিক আওয়ামী লীগ কর্মী এবং দলটির ছাত্রসংগঠনের সাবেক নেতা আরমান রহমান আল জাজিরাকে বলেন, তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি ফিরবেন, এবং আমার বিশ্বাস পরিস্থিতি যাই হোক না কেন, তিনি ডিসেম্বরেই ফিরে আসবেন।
হাসিনার ভবিষ্যৎ নিয়ে ভারতের হিসাব-নিকাশ
শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ শুধু তার নিজের দলের ওপরই নয়, বরং ভারতের নিজস্ব রাজনৈতিক ও কূটনৈতিক হিসাব-নিকাশের ওপরও গভীরভাবে নির্ভরশীল। দীর্ঘ চার দশক ধরে ভারত তার অন্যতম প্রধান মিত্র। ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মুখে ঢাকা ছেড়ে যাওয়ার পর থেকে নয়াদিল্লি তাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে আসছে। তবে ভারতের এই অবস্থান এখন ঢাকা ও দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক বাধার সৃষ্টি করেছে।
বাংলাদেশ ইতিমধ্যেই দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিকভাবে বারবার আবেদন করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, আবেদনগুলো আইনি পর্যালোচনায় রয়েছে এবং তারা বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক ও জোরদার করতে আগ্রহী। তবে একই সাথে দুই দেশই বিদ্যমান টানাপোড়েন কাটিয়ে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে।
নয়াদিল্লির ওপি জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, ভারত হাসিনাকে দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু হিসেবে বিবেচনা করে এবং ব্যক্তিগত এই বন্ধুত্বকে ঢাকার সাথে মূল কূটনৈতিক সম্পর্কের বাইরে রাখার চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, হাসিনাকে সব সময় সমর্থন দেওয়াই দিল্লির ঘোষিত অবস্থান।
তবে ভিন্নমত পোষণ করে সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ মনে করেন, হাসিনাকে ধারাবাহিক আশ্রয় দেওয়ার কূটনৈতিক খেসারত সম্পর্কে মোদি সরকার ক্রমশ সচেতন হচ্ছে। তিনি বলেন, “দিল্লিতে হাসিনার উপস্থিতি ঢাকার সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে বড় বাধা। মোদি সরকার নিশ্চিতভাবেই এই সংকটের একটি সুরাহা চাইবে, যার একটি সম্ভাব্য পথ হতে পারে তাকে কোনো তৃতীয় দেশে পাঠানোর ব্যবস্থা করা।”
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বিষয়টিকে এক জটিল সমীকরণ হিসেবে দেখছেন। তার মতে, ভারত হাসিনাকে নিয়ে এক ধরনের প্রাতিষ্ঠানিক দ্বিধায় রয়েছে—তাকে রাখা যেমন অস্বস্তিকর, আবার ছেড়ে দেওয়াও কঠিন। তিনি ব্যাখ্যা করেন, “ভারত যদি এখন হাসিনাকে সুরক্ষা দেওয়া বন্ধ করে দেয়, তবে দক্ষিণ এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে তাদের রাজনৈতিক মিত্ররা বিশ্বাস হারিয়ে ফেলবে। তারা ভাববে, সংকটে পাশে থাকা অনুগত সঙ্গীদের শেষ পর্যন্ত ভারত রক্ষা করে না।
জিল্লুর রহমানের মতে, ভারত হয়তো তাকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখবে, কিন্তু বাংলাদেশে ফিরিয়ে এনে তাঁর রাজনৈতিক প্রভাব পুনঃপ্রতিষ্ঠায় কোনো ভূমিকা রাখবে না।অন্যদিকে অধ্যাপক শ্রীরাধা দত্ত নিকট ভবিষ্যতে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক খুব একটা উন্নত হবে বলে মনে করছেন না। তিনি বলেন, “আমি মনে করি না বাংলাদেশ-ভারত সম্পর্ক খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।”
বিএনপির সঙ্গে সমঝোতার সম্ভাবনা কতটুকু?
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনার সাথে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কোনো রাজনৈতিক সমঝোতার সুযোগ রয়েছে কি না—এমন প্রশ্ন উঠলেও বিশ্লেষকরা তা সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছেন। বিএনপির বর্তমান শীর্ষ নেতৃত্ব তথা প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে দীর্ঘ ১৬ বছর লন্ডনে নির্বাসিত ছিলেন।
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ফয়েজ সোবহানের মতে, আওয়ামী লীগের সাথে কোনো সমঝোতা প্রস্তাব শুরুতেই বাতিল হওয়ার মতো। তিনি বলেন, বিগত দেড় দশকে বিএনপির তৃণমূল থেকে শীর্ষপর্যায়ের নেতাকর্মীরা জেল, জুলুম ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন। ফলে আওয়ামী লীগের সাথে কোনো প্রকার আপসের ইঙ্গিত বিএনপির সমর্থকরা চরম বিশ্বাসঘাতকতা হিসেবে দেখবেন।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীও এই সম্ভাবনা নাকচ করে দিয়ে স্পষ্ট জানিয়েছেন, দেশে ফিরে ক্ষমতা দখলের স্বপ্ন শেখ হাসিনার জন্য একটি দিবাস্বপ্ন মাত্র। ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘তিনি যদি মনে করেন, দেশে ফিরে আবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবেন এবং নিজের সিংহাসন পুনরুদ্ধার করবেন, তাহলে তিনি নিজেকেই বিভ্রান্ত করছেন।’
ফয়েজ সোবহানের মতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ বিএনপি সরকারের খুবই সীমিত। তিনি বলেন, ‘দেশকে স্থিতিশীল করতে বৃহত্তর কোনো রাজনৈতিক সমঝোতা হবে, তা কল্পনা করা কঠিন। জবাবদিহি বা ক্ষমা প্রার্থনা ছাড়া পুনর্মিলন আরও কঠিন।’
ঢাকার হাতে প্রত্যর্পণই একমাত্র আনুষ্ঠানিক পথ উল্লেখ করে তিনি বলেন, ‘আর এর অর্থ হলো তাকে টেনে দেশে ফিরিয়ে আনা, নিজের ইচ্ছায় ফিরে আসা নয়।’