https://www.a1news24.com
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৪

সমাজ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন নির্মূলে কাজ করবে বিএনপি : রিজভী

সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ সব ধরনের অপরাধ মুছে ফেলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের রাজপথে ও রাজনৈতিক ময়দানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের তাগিদ দেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

বক্তব্যে সরকারের অংশ হিসেবে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের কথা স্মরণ করিয়ে দিয়ে রিজভী বলেন, “আজ বিএনপি ক্ষমতায়, আমাদের প্রত্যেকেই সরকারের অংশ। শুধু পদ-পদবি থাকলেই সরকারের অংশ হওয়া যায় না, দলীয় কর্মকাণ্ড ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমেও তা প্রমাণ করতে হয়। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ পরিচালনায় মহিলা দলের নেতাকর্মীদেরও রক্ত ও ঘাম রয়েছে।”

নারীর ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষায় বর্তমান সরকারের বিভিন্ন কল্যাণমুখী পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, সরকারের চালু করা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দেশের নারী সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ। সরকারের এসব জনবান্ধব ও নারীবান্ধব উদ্যোগের সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মহিলা দলের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।

জাতীয়তাবাদী মহিলা দলের দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ইতিহাস তুলে ধরে রিজভী বলেন, “মহিলা দলের নেত্রীরা মোটেও অযোগ্য নন; রাষ্ট্র পরিচালনায় তারা সমানভাবে দক্ষ। অতীতে যেভাবে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারী শাসনের ভিত্তি কাঁপিয়ে দেওয়া হয়েছিল, ঠিক তেমনিভাবে বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নেও সবাইকে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে মহিলা দলের শীর্ষনেতৃবৃন্দসহ দলটির হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে নয়াপল্টন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

আরো..