https://www.a1news24.com
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৭

মিথিলার সঙ্গে সত্যিই কি সংসার ভেঙেছে সৃজিতের? যে ইঙ্গিতে বাড়ছে জল্পনা

টলিউডের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার দাম্পত্য সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা আলোচনা চলছে। এবার নিজের জীবনে ‘স্টেবল পার্টনারশিপ’ বা স্থায়ী সঙ্গীর অভাবের কথা জানিয়েছেন সৃজিত। তার এমন মন্তব্যের পর মিথিলার সঙ্গে তার সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে ফের শুরু হয়েছে জল্পনা।

সম্প্রতি পশ্চিমবঙ্গের জনপ্রিয় টকশো ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’-তে অতিথি হয়ে ব্যক্তিগত জীবন, সাবেক প্রেম এবং বর্তমান একাকিত্ব নিয়ে কথা বলেন সৃজিত। এক পর্যায়ে জীবনের এই সময়ে এসে স্থায়ী সঙ্গীর প্রয়োজন বা অভাব অনুভব করেন কি না—এমন প্রসঙ্গে তিনি জানান, তার জীবনে এখন কোনো স্থায়ী সঙ্গী নেই।

সৃজিত ও মিথিলার বিয়ের প্রায় ছয় বছর পার হয়েছে। তবে বিয়ের পর থেকে দুজনকে নিয়মিতভাবে একসঙ্গে সংসার করতে দেখা যায়নি। গত তিন বছর ধরেও তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জন একাধিকবার সামনে এসেছে। এবারও সাক্ষাৎকারে মিথিলার নাম সরাসরি উল্লেখ না করলেও সৃজিতের ‘স্থায়ী সঙ্গী নেই’ মন্তব্য সেই পুরোনো আলোচনাকে নতুন করে সামনে এনেছে।

তবে সৃজিত তার বক্তব্যে মিথিলার সঙ্গে বিচ্ছেদ হয়েছে—এমন কোনো সরাসরি ঘোষণা দেননি। ফলে তার মন্তব্যের ভিত্তিতেই অনুরাগীদের একাংশের মধ্যে ধারণা তৈরি হয়েছে, তাদের সম্পর্কে হয়তো চিড় ধরেছে কিংবা এরই মধ্যে বিচ্ছেদ হয়ে থাকতে পারে।

সাক্ষাৎকারে নিজের সাবেক প্রেমিকাদের সঙ্গেও বর্তমান সময়ে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকার কথা জানান এই নির্মাতা। স্বস্তিকা মুখোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর মতো সাবেকদের সঙ্গে প্রেমের সম্পর্ক শেষ হলেও তাদের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে বলে জানান তিনি।

সুস্মিতা চট্টোপাধ্যায়ের প্রসঙ্গও উঠে আসে আলোচনায়। সৃজিত জানান, একসময় সুস্মিতা তার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব সম্পর্ককে নির্দিষ্ট কোনো পরিচয়ে বাঁধা যায় না। তারা একসময় ‘এক্সট্রিমলি ক্লোজ’ ছিলেন, তবে সময়ের সঙ্গে সেই ঘনিষ্ঠতা কমে গেছে। বর্তমানে তারা আগের মতো ঘনিষ্ঠ না হলেও একে অপরের শুভাকাঙ্ক্ষী বলে জানান তিনি।

সুস্মিতার প্রসঙ্গে জীবনের সম্পর্কগুলোর পরিবর্তন বোঝাতে সৃজিত আরও বলেন, জীবন আসলে একটি যাত্রার মতো। এই যাত্রায় কেউ কয়েকটি স্টেশন পর নেমে যায়, আবার হয়তো অন্য কোনো ট্রেনে উঠে নতুন পথে এগিয়ে যায়। তার ভাষ্য অনুযায়ী, সুস্মিতাও সেই যাত্রায় নেমে গেছেন এবং সম্ভবত অন্য কোনো ট্রেন ধরেছেন।

এদিকে সৃজিতের ‘স্থায়ী সঙ্গী নেই’ মন্তব্য ঘিরে মিথিলার সঙ্গে তার দাম্পত্য সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হলেও, তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে কি না—এ বিষয়ে এখনো নির্মাতার পক্ষ থেকে কোনো সরাসরি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া মিথিলাও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো স্পষ্ট বার্তা দেননি।

সূত্র : দ্য হিন্দুস্তান টাইমস।

আরো..