জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আগামী ১৬ জুলাই বৃহস্প্রতিবার সকাল সাড়ে ৮ টা ৩০ মিনিটে হাজীগঞ্জস্থ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করার কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ। এ কর্মসূচি ঘোষণাকালে সংগঠনের আহবায়ক মৃত্যুঞ্জয়ী জুলাই যোদ্ধা আবু হাসান টিপু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকারী, নির্দেশদাতা ও মাষ্টার মাইন্ড অনেকে দেশ থেকে পালিয়ে গেলেও দেশের অভ্যন্তরে থাকা হত্যাকারী খুনিরা বহাল তবিয়তে প্রকাশ্যেই ঘুরে বেরাচ্ছে। শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে চিহ্নিত খুনিদের বিরুদ্ধে মামলা দেয়া হলেও ব্যাতিক্রম ছাড়া ঐসকল মামলার কোন অগ্রগতি নেই। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে যুদ্ধাংদেহী মনোভাব নিয়ে দেশের বিভিন্ন স্থানে মিছিল সমাবেশের মাধ্যমে ফ্যাসিস্টরা তাদের সরব উপস্থিতি জানান দিচ্ছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের নিরাপত্তাও বিপজ্জনক দিকে মোড় নেবে, গণতান্ত্রিক উত্তরণ কঠিন হবে।
তিনি বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ এর পূর্ণ বাস্তবায়ন না হওয়াতে মানুষের আশা আবারও হতাশায় নিমজ্জিত হতে শুরু করেছে। পতিত ফ্যাসিবাদী শক্তিসহ অনেকেই এই পরিস্থিতির সুযোগ নিতে তৎপর রয়েছে, কেউ কেউ ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে বসে আছে। তাদের লক্ষ্য আমাদের গণঅভ্যূত্থান ও বর্তমান সরকারকে ব্যর্থ করে দেয়া।
আজ ১৫ জুলাই সকালে হাজীগঞ্জস্থ জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে এসময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ এর সদস্য সচিব এন আর বি মামুন, যুগ্ন আহবায়ক আলী নেওয়াজ টরী, যুগ্ন আহবায়ক আমজাদ হোসেন শামীম, ফাহমিদা খন্দকার, মোহাম্মদ রনি মিয়া, নাছির হোসেন, মোশারফ হোসেন প্রমূখ।