https://www.a1news24.com
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২২

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, বিপর্যস্ত জীবনযাত্রা

রাজধানীতে শনিবার মধ্যরাত থেকে টানা ভারি বৃষ্টি হয়েছে। ভোরেও অব্যাহত ছিল ভারি বৃষ্টি। রোববার (১২ জুলাই) সকালেও থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকে, বেলা পৌনে ১২টার পরও যা ঝরতে দেখা যাচ্ছে। টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে সকালেই দুর্ভোগে পড়েন কর্মস্থলগামী নারী-পুরুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

সড়কে বাস চলাচল স্বাভাবিক থাকলেও অতিরিক্ত যাত্রীর চাপে বাসস্ট্যান্ডগুলোতে তৈরি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি। যানজট, জলাবদ্ধতা ও ভিজে কর্মস্থলে পৌঁছাতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, আজও রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

রোববার সকাল ৯টার দিকে রাজধানীর ইসিবি চত্বর, পল্লবী, আগারগাঁও ও শাহবাগ এলাকায় দেখা যায়, থেমে থেমে বৃষ্টি হলেও যাত্রীদের চাপ ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। প্রতিটি বাস স্টপেজে বাস থামার সঙ্গে সঙ্গে যাত্রীরা ওঠার জন্য হুড়োহুড়ি শুরু করেন। অনেককে একাধিক বাস ছেড়ে দিতে হয়েছে, কারণ অতিরিক্ত ভিড়ের কারণে বাসে ওঠার সুযোগ মিলছিল না।

বাসের ভেতরেও ছিল উপচে পড়া ভিড়। আসন পাওয়া তো দূরের কথা, দাঁড়িয়ে যাত্রা করাও অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি দুর্ভোগের মুখে পড়েন।

অবিরাম বৃষ্টির প্রভাবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের গতি কমে যায়। ইসিবি চত্বর, পল্লবী, আগারগাঁও, শাহবাগসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে অনেকেরই স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় ব্যয় করতে হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, অনেক যাত্রী ছাতা হাতে বা বৃষ্টিতে ভিজেই দীর্ঘ সময় বাসের অপেক্ষায় ছিলেন। বাস এলেই দাঁড়িয়ে যাত্রার সুযোগ পেতেও শুরু হয় তীব্র প্রতিযোগিতা, যা সকালজুড়ে রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ডে ছিল নিত্যচিত্র।

এদিকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অধিকাংশ বিভাগেও বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ দিনভর মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

বিভাগভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, চলমান মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে জনদুর্ভোগ অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা ও স্বাভাবিক জনজীবনে বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

আরো..