অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টায় কুড়িগ্রাম পৌরসভার ঘোষপাড়ায় মোল্লা মার্কেটের তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে অফিসটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রাক্তন সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রেজা, পাবলিক প্রসিকিউটর বজলুর রশিদ, সাবেক সংসদ সদস্য উমর ফারুক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাফুজার রহমান টুইটার প্রমূখ।
এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইদ্রিস আলী, মো. রিপন ও এপোলো এবং কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা। এছাড়া এতে বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও মাল্টিমিডিয়ার সংবাদ কর্মী উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মতিন ফারুকী, যিনি জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির।
কুড়িগ্রামে দৈনিক কালবেলার জেলা অফিস চালুর মধ্য দিয়ে স্থানীয় সংবাদ সংগ্রহ, জনদুর্ভোগ ও সম্ভাবনার চিত্র তুলে ধরা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সকলে।