https://www.a1news24.com
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৫

বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন পরিবেশ প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোটার,বাগেরহাট: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আমরা অক্সিজেন নিচ্ছি আর কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, গাছ করছে ঠিক তার উলটোটি। আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। তাই আমরা যদি গাছকে ভালো রাখতে পারি, তবেই আমরা ভালো থাকতে পারব। শনিবার (১১ জুলাই) সকালে বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

​সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এর আগে মেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মেলার স্টলগুলো পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এরপর তিনি জেলা পরিষদ ভবনের পাশে একটি ওষুধি ও একটি ফলদ বৃক্ষরোপণ করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। সড়কের পাশে, শিক্ষা প্রতিষ্ঠানে, বাড়ির আঙিনায় বনজ, ফলদ ও ঔষধি গাছ লাগিয়ে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে হবে।’ ‘বর্জ্য ব্যবস্থাপনা এখন বড় চ্যালেঞ্জ। পুরো দেশকে যেন ডাস্টবিনে পরিণত না করি। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।’ স্কুলগামী শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘পরিবার ও বিদ্যালয় থেকেই পরিবেশ সংরক্ষণের শিক্ষা শুরু হওয়া উচিত। গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে ছোটবেলা থেকেই।’

​বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদি আরবে নিমগাছ রোপণ করেছিলেন। যারা হজ করতে গেছেন, তারা দেখেছেন যে ৪০-৫০ ডিগ্রি তীব্র তাপমাত্রার মধ্যেও সেই নিমগাছগুলো হাজিদের স্বস্তি দেয়। বলা হয়ে থাকে, যার বাড়িতে নিমগাছ আছে, তার বাড়িতে ডাক্তারের প্রয়োজন কমে যায়।’

​গাছ রক্ষায় কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘শুধু গাছ লাগালে হবে না, এর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। অবহেলার কারণে যদি কোনো প্রতিষ্ঠানের গাছ মারা যায় বা কোনো ক্ষতি হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

​অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহিন কবির এবং বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম।

​সামাজিক বন বিভাগের তথ্য অনুযায়ী, মেলায় বিভিন্ন প্রজাতির চারা নিয়ে মোট ১৯টি স্টল বসেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং আগামী ১৭ জুলাই সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলা শেষ হবে।

আরো..