https://www.a1news24.com
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৩

একদলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেকদলের ​লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি : নাহিদ

একদলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেকদলের লুটপাটের পথ প্রশস্ত করার জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে টাঙ্গাইলের সখিপুরে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘ ২০২৪ সালে ছাত্রজনতার এই অভ্যুত্থান হয়েছিল ফ্যাসিবাদের বিলোপ ঘটিয়ে একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য। একদলকে সরিয়ে আরেকদল এসে যদি পুনরায় লুটপাটে লিপ্ত হয়, তবে সেই রক্তের সঙ্গে বেইমানি করা হবে। আমরা কোনোভাবেই শহীদদের রক্তের অমর্যাদা হতে দেব না।’

বিকেল ৪টায় সখিপুর উপজেলার তালতলা চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।

সখিপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফরিদ সিকদার জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের ডেপুটি মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন ও সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল।

সভায় বক্তারা জুলাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে এবং যেকোনো ধরনের দখলদারি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সখিপুর উপজেলা শাখার সদস্য সচিব আলহাজ্ব মাওলানা কে এম আনসার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি সখিপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরো..