https://www.a1news24.com
৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২০

জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচি

আজ সকালে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার জাঙ্গাল আইলপাড়ায় স্থানীয় সামাজিক সংগঠন ‘ন্যায় নীতি আদর্শ সংগঠন’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের উপদেষ্টা শিল্পী জাহাঙ্গীর আলম ইমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মানিত অতিথি ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন, কবি-প্রাবন্ধিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহেদ কায়েস এবং হেল্প হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ন্যায় নীতি আদর্শ সংগঠন’-এর সভাপতি ওমর ফারুক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি হেলাল হোসেন (আদনান), সাধারণ সম্পাদক ওমর শরিফ, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সদস্য সচিব শরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজিব হোসেন এবং এলাকার তরুণ প্রজন্ম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের উপদেষ্টা শিল্পী জাহাঙ্গীর আলম ইমন ‘ন্যায় নীতি আদর্শ সংগঠন’-এর লক্ষ্য, উদ্দেশ্য এবং গত এক বছরের কার্যক্রম তুলে ধরেন। এরপর ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন তাঁর বক্তব্যে বলেন— “বৃক্ষ আমাদের জীবন ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ বাতাস নিশ্চিত করা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে গাছ লাগাতে হবে। বৃক্ষরোপণ হোক আমাদের সামাজিক দায়িত্ব।”

হেল্প হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার আবদুল্লাহ আল মামুন বলেন —”মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় অক্সিজেনের প্রধান উৎস গাছ। গাছ যেমন আমাদের বিশুদ্ধ বাতাস দেয়, তেমনি পরিবেশ দূষণ কমিয়ে সুস্থ জীবন নিশ্চিত করতে সাহায্য করে। তাই নিজের স্বাস্থ্য ও আগামী প্রজন্মের কল্যাণে বেশি বেশি গাছ লাগানো এবং তার পরিচর্যা করা আমাদের সবার দায়িত্ব।”

কবি, প্রাবন্ধিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহেদ কায়েস বলেন—”জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ পৃথিবীকে শীতল রাখে, কার্বন শোষণ করে এবং জীববৈচিত্র্য রক্ষা করে। নিমগাছ পরিবেশকে নির্মল রাখতে সহায়ক, আর প্রতিটি অঞ্চলের মৌসুমি ফল সেই অঞ্চলের মানুষের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রকৃতি ও মানুষকে বাঁচাতে আমাদের সবাইকে যত বেশি সম্ভব গাছ লাগাতে হবে।”

আরো..