https://www.a1news24.com
৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫১

ডেঙ্গু প্রতিরোধে মোরেলগঞ্জে ১৭টি ফগার মেশিন বিতরণ

এডিবির অর্থায়নে সাড়ে ১৪ লাখ টাকার প্রকল্প; ১৬ ইউনিয়ন ও উপজেলা পরিষদ পেল মশা নিধন যন্ত্র

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার রোধে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ১৭টি ফগার মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন। এডিবির অর্থায়নে বাস্তবায়িত এ উদ্যোগের আওতায় উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদে একটি করে এবং উপজেলা পরিষদের জন্য একটি ফগার মেশিন প্রদান করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি মেশিনের সঙ্গে ১০ লিটার করে মশা নিধনকারী ওষুধও সরবরাহ করা হয়েছে।

রোববার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, বর্ষা মৌসুমে মশার উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পায়। জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে এডিবির অর্থায়নে সাড়ে ১৪ লাখ টাকা ব্যয়ে ১৭টি ফগার মেশিন বিতরণ করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোকে নিয়মিতভাবে মশা নিধন কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন, যাতে সাধারণ মানুষ এর সুফল পায়।

সভাপতির বক্তব্যে ইউএনও হাবিবুল্লাহ বলেন, শুধু ফগারিং করলেই মশার উপদ্রব পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর পাশাপাশি জমে থাকা পানি অপসারণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। উপজেলা প্রশাসন এ বিষয়ে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, জামায়াতে ইসলামীর পৌর আমির রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল আলিম, বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নিয়মিত ফগারিং কার্যক্রম পরিচালিত হলে মশার উপদ্রব কমবে এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি হ্রাস পাবে। তবে তারা এ কার্যক্রমের পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান জোরদার এবং স্থায়ীভাবে মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর উদ্যোগ গ্রহণেরও দাবি জানান।

আরো..