https://www.a1news24.com
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২৯

মোরেলগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি এ কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে বৃক্ষরোপণ কার্যক্রম জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকার, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, এ কর্মসূচির আওতায় মোরেলগঞ্জ উপজেলায় মোট ৫ হাজার ৬০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা, সাড়ে ৬ টন উফশী রোপা আমন ধানের বীজ, ১৩ টন ডিএপি সার এবং ১৩ টন এমওপি সার বিতরণ করা হবে। পর্যায়ক্রমে উপজেলার ৩ হাজার ২২০ জন প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে এসব কৃষি উপকরণ বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। সরকারের দেওয়া কৃষি প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি পাবে। এর মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে এবং জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতেও সহায়ক হবে।

আরো..