https://www.a1news24.com
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪৫

মারা গেলেন বরেণ্য অভিনেতা দিলু মজুমদার

দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, আরণ্য নাট্যদলের সিনিয়র অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গেছেন। বুধবার (২০ মে) রাত আনুমানিক ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা মামুনুর রশীদ।

তিনি জানান, হঠাৎই সন্ধ্যার আগে শারীরিক অসুস্থতা অনুভব করেন দিলু। সঙ্গে সঙ্গে তাকে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শারীরিক অবস্থার কোনো উন্নতি না হলে চিকিৎসাধীন অবস্থায় এই অভিনেতার মৃত্যু হয়। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।

মামুনুর রশীদ বলেন, এটা ম্যাসিভ হার্ট অ্যাটাক, হার্ট ব্লক হয়ে গিয়েছিল। হঠাৎ করেই সে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য খুব বেশি সময় পাওয়া যায়নি। দ্রুত হাসপাতালে ভর্তি করালেও তাকে বাঁচানো যায়নি। এটা আমাদের নাট্য অঙ্গনের জন্য অনেক শোকের। এমন অভিনেতা ও সংগঠক খুঁজে পাওয়া খুবই কঠিন।

আগে থেকে কোনো অসুস্থতা ছিল কি না, জানতে চাইলে মামুনুর রশীদ বলেন, কয় দিন ধরেই তার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না। তার সঙ্গে কথাও হয়েছিল। পরে বলল, চিকিৎসা করাচ্ছে। ইসিজি করিয়েছিল। সেখানেও তেমন কিছু ধরা পড়ল না। এর মধ্যে হঠাৎ করে গতকাল তার মৃত্যুসংবাদ ব্যথিত করেছে।

মামুনুর রশীদ জানান, চলতি মাসের প্রথম দিনেও ‘রাঢ়াঙ’ নাটকের প্রদর্শনী ছিল। সেই প্রদর্শনী অভিনেতা দিলু মজুমদার অভিনয় করেন, নাটকের সাড়ে তিন শোর মতো শো হয়েছে। শুরু থেকে সবগুলোতেই দিলু অভিনয় করেছে। যেকোনো নাটকে কাজ করলে সেটায় নিয়মিত প্রদর্শনীতে থাকত। সে সততার সঙ্গে কাজ করেছে। সাংগঠনিক ভাবে সব জায়গায় দক্ষতার পরিচয় দিয়েছে। তার এই স্থান অপূরণীয় হয়ে থাকবে।

নাট্য অঙ্গনে অভিনেতা দিলু মজুমদারের প্রায় তিন যুগের ক্যারিয়ার। আরণ্যক নাট্যদলের মাধ্যমে তিনি অভিনয় শুরু করেন। পরে তিনি নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেছেন।

বৃহস্পতিবার দিলু মজুমদারের প্রথম জানাজা জোহরের নামাজের পর, এয়ারপোর্ট কার্গো অ্যাসোসিয়েশন ভবনের (কার্গো পার্কিং) সামনে। এই সংগঠনের তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া দ্বিতীয় জানাজা হবে বাদ আসর উত্তরা ৪ নম্বর সেক্টরের জামতলা ঈদগাহ মাঠে।

মামুনুর রশীদ জানান, এই অভিনেতার ছেলে দেশে পৌঁছানোর পরে আগামীকাল শুক্রবার তাকে উত্তরাতেই দাফন করা হবে।

আরো..