https://www.a1news24.com
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪১

সাঈদ হত্যা মামলায় দণ্ড: বেরোবির সাবেক ভিসিকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির।

দুপুর সাড়ে ১২টার দিকে হাসিবুর রশিদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে শুনানি শেষে আদালত তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আদালত জানান, আজ থেকেই তার ১০ বছরের কারাদণ্ড কার্যকর হবে।

এর আগে শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। মামলার প্রধান আসামি হিসেবে সাবেক ভিসি হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

আরো..