https://www.a1news24.com
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৪

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্রগ্রাম আঞ্চলিক পর্ব

চট্রগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) প্রাঙ্গণে আজ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬’-এর চট্রগ্রাম আঞ্চলিক পর্ব। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় চট্রগ্রাম ও পার্শ্ববর্তী জেলাসমূহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। দিনভর এই আয়োজনে প্রাধান্য পেয়েছে প্রোগ্রামিং, গাণিতিক যুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নানামুখী চ্যালেঞ্জ।

আজ শুক্রবার সকাল ৮টায় নিবন্ধনের মাধ্যমে দিনের সূচনা হয়। এরপর শিক্ষার্থীরা ‘এআই কুইজ’ ও ‘এআই কোডিং চ্যালেঞ্জ’—এই দুটি ক্যাটাগরিতে ভাগ হয়ে নিজেদের মেধা প্রদর্শন করে। সকাল ৮টা ৪৫ মিনিটে শুরু হওয়া কোডিং চ্যালেঞ্জ চলে দুপুর ১১টা পর্যন্ত। প্রতিযোগিতার কার্যক্রম পরিদর্শন করেন সিআইইউ-এর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক ড. আসিফ ইকবাল। এছাড়া কুইজে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিয়ে এআই ও মেশিন লার্নিংয়ের ওপর একটি বিশেষ ওয়ার্কশপ পরিচালনা করেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী আবদুল্লাহ আল নাঈম ও সামাহ বিনত ফিরোজ।

বেলা ১১টা ৩০ মিনিটে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এআই কুইজ ক্যাটাগরিতে ১০ জন এবং এআই কোডিং চ্যালেঞ্জে ৬ জন শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়েছে। কোডিং চ্যালেঞ্জে বিজয়ীরা হলেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এর শিক্ষার্থী, আকীদ ইকবাল হক, আরিয়ান আবরার চৌধুরী ও তনুশ্রী সাহা, বাংলাদেশ এলিমেন্টারি স্কুল এর শিক্ষার্থী, তাসদীদ আহমেদ চৌধুরী, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল এর শিক্ষার্থী সায়ান আহমেদ খান এবং সরকারি হাজী আসমত কলেজ এর শিক্ষার্থী মো. ইমতিয়াজ হোসেন। কুইজ ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এর শিক্ষার্থী সুপ্রতীক নাথ, মোস্তানির চৌধুরী রাকিন, সাদ ইবনে হোসেন, ইব্রাহিম বিন হোসেন, সৈয়দ মোহাম্মদ রাফান ও আফনান এনাম আয়ান, সিএমপি স্কুল অ্যান্ড কলেজ এর শিক্ষার্থী জুহাইর ফেরদৌস হাসান, বাংলাদেশ এলিমেন্টারি স্কুল এর শিক্ষার্থী তওয়াসিন মোস্তফা, এবং চিটাগং গ্রামার স্কুল এর শিক্ষার্থী তাইসির ইসলাম আদিয়ান।

সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইইউ-এর রেজিস্ট্রার আনজুমান বানু লিমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আসিফ ইকবাল এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. রুবেল সেন গুপ্ত। অতিথিরা বিজয়ীদের হাতে মেডেল ও সার্টিফিকেট তুলে দেন এবং ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এআই তে আরও দক্ষ হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, একই দিনে রাজশাহী ও খুলনা অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে ‘ই-অলিম্পিয়াড’ আয়োজন করা হয়, যার ফলাফল খুব শীঘ্রই অলিম্পিয়াডের ওয়েবসাইট (bdaio.org) এ প্রকাশ করা হবে। আঞ্চলিক পর্বের বিজয়ীরা আগামী ১৬ মে রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় এআই অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে।

এবারের আসরের প্লাটিনাম স্পন্সর ও জাতীয় পর্বের হোস্ট হিসেবে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এবং পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে যুক্ত আছে রিভ চ্যাট। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে ব্রেইন স্টেশন ২৩, সিলভার স্পন্সর মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি এবং ব্রোঞ্জ স্পন্সর বিটনা। নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট (আইআইটি), টিভি পার্টনার দীপ্ত টিভি, পার্টনার হিসেবে যুক্ত আছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), রকমারি ডট কম ও জাদু পিসি এবং ম্যাগাজিন পার্টনার হিসেবে যুক্ত আছে মাসিক কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।

আরো..