https://www.a1news24.com
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০০

বেতন কমিশনের প্রতিবেদনে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত করার সুপারিশ?

সরকারি চাকরিজীবীরা অধীর অপেক্ষায় ছিল নতুন পে-স্কেল বা বেতন কাঠামো ঘোসণার। সে অনুযায়ী জাতীয় বেতন কমিশন তাদের কাজ প্রায় শেষ করে এনেছে। বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক. ড. মুহাম্মদ ইউনূসের হাতে বেতন কমিশন সুপারিশসহ প্রতিবেদন তুলে দেবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন। তিনি জানান, সরকারি চাকরিজীবীরা খুশি হবেন এমন সুপারিশ থাকবে প্রতিবেদনে।

 

এদিকে দায়িত্বশীল সূত্রের তথ্যমতে, বেতন কমিশন সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১: ৮ করার সুপারিশ করেছে।
 
প্রস্তাবিত বেতনকাঠামোয় নিচের দিকে বেতন–ভাতা বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।
 
বর্তমানে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা, এটা দ্বিগুণের বেশি বাড়বে বলে জানা গেছে। বর্তমানে সর্বোচ্চ ধাপে নির্ধারিত বেতন ৭৮ হাজার টাকা। এটা বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকার বেশি করার কথা বলা হয়েছে।
 
এদিকে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ২২ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। নতুন বেতনকাঠামো আংশিক কার্যকর করার অংশ হিসেবেই এ পদক্ষেপ নিয়ে রেখেছে সরকার। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, বেতনকাঠামো পুরো মাত্রায় বাস্তবায়ন করতে গেলে বাড়তি ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা লাগবে।
 নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে গত ২৭ জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন। ২১ সদস্যের এ কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এখন ২০১৫ সালের বেতনকাঠামো অনুসারে বেতন-ভাতা পান। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সংখ্যা এখন প্রায় ১৫ লাখ।
আরো..