নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবন্ধী চালককে হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার নয়াপুর পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশের পরিত্যক্ত জায়গা থেকে মরদেহটি উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
জানা গেছে, নিহত সোহেল নয়াপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে এবং শারীরিক প্রতিবন্ধী।
পুলিশ ও স্বজনরা জানান, শারীরিক প্রতিবন্ধী সোহেল প্রতিদিনের মতো গতকাল সোমবার দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে তিনি বাসায় ফিরে আসেনি এবং তার ব্যক্তিগত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের লোকজন রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও নিখোঁজ সোহেলের সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, দুর্বৃত্তরা সোহেলকে শ্বাসরোধ করে হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও ছিনতাই করা অটোরিকশাটি উদ্ধারে অভিযান চলছে। এ ছাড়া এ ঘটনায় মামলাসহ যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।