https://www.a1news24.com
২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪৩

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গণতান্ত্রিক অধিকার কমিটি শোক বার্তা

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গণতান্ত্রিক অধিকার কমিটি তার পরিবার, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে । এদেশের ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে খালেদা জিয়ার ভূমিকার নির্মোহ বিচার বিশ্লেষণ ভবিষ্যত রাজনীতির জন্য জরুরী বলে আমরা মনে করি।

১৯৮০ দশকে জেনারেল এরশাদ নেতৃত্বাধীন স্বৈরশাসনের বিরুদ্ধে শক্তিশালী, দৃঢ় ও ধারাবাহিক ভূমিকা গ্রহণ করে খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে তাঁর নেতৃত্ব প্রতিষ্ঠা করেন। এই ধারাতেই তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন এবং এদেশে নারী নেতৃত্বাধীন সরকারের সূচনা করেন। প্রধানমন্ত্রী থাকাকালে তিনি যেসব নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা নিয়ে সমালোচনা থাকলেও এদেশের রাজনৈতিক ইতিহাসের দীর্ঘসময় ধরে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি হিসেবে তার ভূমিকা অনস্বীকার্য। রাষ্ট্রীয় নিপীড়ন, অপপ্রচার, কুৎসা মোকাবিলা করে তিনি যে সংযমের পরিচয় দিয়েছেন তা বাংলাদেশের রাজনীতিতে দুর্লভ।

খালেদা জিয়া তার শেষ রাজনৈতিক বক্তব্যে প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে গণতান্ত্রিক জ্ঞানভিত্তিক যে সমাজ নির্মাণের কথা বলেছিলেন সেটা তার দল, সমর্থক ও শুভানুধ্যায়ীরা মনে রাখবেন বলে আমরা প্রত্যাশা করি।

আরো..