হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা: নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের তিন বিএনপি নেতার বিরুদ্ধে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রমূলক তথ্য ও অপপ্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে নিঝুমদ্বীপ ইউনিয়নের বন্দরটিলা বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ উদ্দিন লিখিত বক্তব্য পাঠ করেন।
নিজের লিখিত বক্তব্যে আশরাফ উদ্দিন বলেন, কয়েকদিন ধরে কিছু অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুকে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহেদ উদ্দিন মেম্বার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবদুল মোতালেব ও আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যমূলক তথ্য পরিবেশন করা হচ্ছে। এসব সংবাদের সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি চক্র পরিকল্পিতভাবে এ অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও বলেন, নিঝুমদ্বীপের কৃষকের জমির ধান লুট, চাঁদাবাজি, সাধারণ মানুষকে নির্যাতন এবং বন্য মহিষ জবাইয়ের ঘটনায় আমাদের সম্পৃক্ত করার মিথ্যা অপচেষ্টা করা হচ্ছে। অথচ এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের হীন স্বার্থসিদ্ধির জন্য আমাদের ব্যক্তিগত ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনাম ক্ষুন্ন করার এই হীন অপচেষ্টা চালাচ্ছে।
বক্তব্যে তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যারা মিথ্যা সংবাদ ছড়িয়ে আমাদের রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নেওয়ার দাবি জানাই। আমরা সত্য ও ন্যায়নিষ্ঠ রাজনীতি করি। এ ধরনের অপপ্রচারকে আমরা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহেদ উদ্দিন মেম্বার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবদুল মোতালেব, সিনিয়র সহ-সভাপতি আবদুল মুনাফ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহিম মাঝি, ছাত্রদল নেতা সমির উদ্দিন সহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।