নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, নির্বাচন কেবল ভোটগ্রহণের প্রক্রিয়া নয়, এটা জনগণের বিশ্বাসের প্রতিফলন৷ নির্বাচনে নিরাপত্তা দেওয়া এবং এটা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সহযোগিতা দেওয়া আমাদের জন্য একটি ঐতিহাসিক পরীক্ষা।রোববার রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সদস্যদের প্রতি তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, এই মুহুর্তে আমাদের গুরুত্বপূর্ণ কাজ হল জাতীয় নির্বাচন। এটি কেবল ক্ষমতার পালাবদল নয়, এটা আমাদের গণতন্ত্রের শেকড়কে আরও মহিমান্বিত করার এক সুযোগ। আমাদের প্রায় দেড় লাখ পুলিশ নির্বাচনের সময় মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। তাদের প্রত্যেকের কর্মকান্ড জাতীয় ও আন্তর্জাতিকভাবে মনিটরিং করা হবে। সুতরাং প্রশিক্ষণ ও প্রস্তুতির মাধ্যমে আমরা প্রত্যেকে দক্ষ ও সুশৃঙ্খল হিসেবে নিজেদেরকে গড়ে তুলবো। এটা শুধু আইনকানুন শেখানো না, এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা জানবো কীভাবে চাপের মধ্যেও নিরপেক্ষ থাকা যায়। কীভাবে সংঘাতের পরিবর্তে সমাধানকে অগ্রাধিকার দেওয়া যায়। কীভাবে মানুষের আস্থা অর্জন ও নিরাপদ পরিবেশ তৈরি করা যায়।
বাহারুল আলম বলেন, আমরা যদি আমাদের সততা, দক্ষতা ও নিরপেক্ষতার মাধ্যমে এই দায়িত্ব পালন পালন করি তবে আমরা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তিকে পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হবো। আন্তর্জাতিক অঙ্গনেও প্রমাণের সুযোগ এসেছে, বাংলাদেশ পুলিশ একটি আধুনিক, গণতন্ত্র বান্ধব এবং কার্যকর বাহিনী। আমি প্রত্যেককে আহ্বান জানাই, প্রশিক্ষণে শেখা প্রতিটি কৌশল ও লব্ধজ্ঞান মাঠে কাজে লাগাতেনহবে সর্বোচ্চ ধৈর্য, বিচক্ষণতা ও আত্মসংযম প্রদর্শন করতে হবে এবং অবশ্যই সর্বোচ্চ ত্যাগ শিকারের জন্য প্রস্তুত থাকতে হবে।
আইজিপি বলেন, আমরা চাই, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং মাননীয় প্রধান উপদেষ্টা যে বলে থাকেন উৎসবমুখর নির্বাচন। এই লক্ষ্যে আমরা সকলে দক্ষতা, নিরপেক্ষতা দিয়ে আস্থা অর্জন করব।