হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা ঃ হাতিয়ার পাশর্^বর্তী জাগলার চরে প্রায় চার হাজার একর জমিতে আমন ফসলে মহিষের পাল লাগিয়ে নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী কৃষকেরা।বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুরে উপজেলার চরকিং ইউনিয়নের পশ্চিমে মেঘনা বুকে জেগে উঠা জাগলার চরের প্রায় তিন শতাধিক কৃষকের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে কৃষকরা অভিযোগে জানান, জাগলার চরে ভূমিহীন অসহায় কৃষকেরা আবাদ শুরু করে। কিন্তু এই আবাদকৃত জমিতে বিভিন্ন মহিষ মালিকের বাতাইন্নারা প্রতিদিন তাদের পালিত মহিষ ধান ক্ষেতে ছেড়ে দেয়। এতে আবাদকৃত ধানক্ষেতের ব্যাপক ক্ষতির কারণ দাঁড়িয়েছে। ধানের শীষ বিকশিত হওয়ার পূর্বে মহিষের উপদ্রবে দিশেহারা ভুক্তভোগী কৃষকেরা। তারা বাতাইন্নাদের কাছে এ বিষয়ে বললেও কোন প্রতিকার না পেয়ে মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করেন।
কৃষক মোঃ লিটন উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে আমরা এ চরে ফসলি জমি চাষবাস করে আসছি। তমরদ্দী এলাকার নিজাম চৌধুরী, তার ভাই শামীম, আলমগীর কবির, সাবেক চেয়ারম্যান ফররুখ আহমেদ সহ প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের অগনিত মহিষ রাতে দিনে ধান ক্ষেত নষ্ট করে দেয়। তাদের মহিষের খাদ্য আমাদের আবাদ করা ধানের ফসল হবে এ কেমন অবিচার? আমরা প্রশাসনের কাছে এর সুবিচার চাই।
কৃষক মাহমুদল হক বলেন, অনেক টাকা খরচ করে এ চরে আমন ধানের চাষা করি এবং ফসল রক্ষা করার জন্য চারপাশে বেড়া তৈরি করি। কিন্তু এসব বেড়া ভেঙে তারা মহিষের পাল লাগিয়ে আমাদের কষ্টের ফসল নষ্ট করে দিচ্ছে। আমরা এর বিচার চাই।