ওয়াশিংটন হিলটন হোটেলে নৈশভোজ চলাকালে গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “হামলাকারী মূলত হত্যার উদ্দেশ্যেই সেখানে প্রবেশ করেছিল।”
হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প জানান, সিক্রেট সার্ভিসের দ্রুত ও সাহসী পদক্ষেপের কারণে সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, “হামলাকারী নিরাপত্তা চৌকিতে একাধিক অস্ত্র নিয়ে আক্রমণ চালায়। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে নিয়ন্ত্রণে আনেন।”
এই ঘটনায় একজন নিরাপত্তাকর্মী গুলিবিদ্ধ হলেও তিনি প্রাণে বেঁচে যান। ট্রাম্প জানান, ওই কর্মকর্তা বুলেটপ্রুফ ভেস্ট পরা থাকায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনার সময় ওই হোটেলে ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন। গুলির শব্দ শোনার পরপরই সবাইকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
পরবর্তীতে প্রেসিডেন্ট ব্রিফিংয়ে বলেন, এই অনুষ্ঠানটি মূলত বাক্স্বাধীনতা ও ঐক্যকে উৎসাহিত করার জন্য আয়োজন করা হয়েছিল।
তিনি আরও মন্তব্য করেন, ঘটনাস্থল ওয়াশিংটন হিলটন হোটেলটি তুলনামূলকভাবে উচ্চ নিরাপত্তার সুবিধা নেই, যা তদন্তের অংশ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, আটক ব্যক্তিকে বর্তমানে হেফাজতে রাখা হয়েছে এবং তাকে “মানসিকভাবে অস্থির” হিসেবে দেখা হচ্ছে।
এর আগে ট্রাম্প আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে তার বিরুদ্ধে একাধিক হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে, যা তিনি রাজনৈতিকভাবে সংবেদনশীল পরিস্থিতির ফল বলে মনে করেন।