সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি এডভোকেট সুদীপ জ্যোতি এষ-এর ভাই পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানায় সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি এডভোকেট মোঃ ইকবাল হুসাইন বাদী হয়ে এই জিডিটি দায়ের করেন (জিডি নং-১৬০১)।
জিডি সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে প্রদেশ দেব (২৮) নামের এক যুবক নিজেকে সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি এডভোকেট সুদীপ জ্যোতি এষ-এর ভাই বলে জনসম্মুখে পরিচয় দেন।
জিডিতে উল্লেখ করা হয়, প্রকৃত পক্ষে মহানগর ছাত্রদলের সভাপতি এডভোকেট সুদীপ জ্যোতি এষ ওই যুবককে চেনেন না এবং তাঁর সাথে কোনো পারিবারিক সম্পর্ক নেই। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ছাত্রদলের দলীয় নেতাকর্মীদের নজরে আসলে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ও বিভ্রান্তির সৃষ্টি হয়। পরবর্তীতে সংগঠনের নেতাকর্মীদের সাথে আলোচনা সাধারণ ডায়েরি করা হয়।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শামছুল হাবিব জিডিটি গ্রহণ করে বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানার এসআই (নিরস্ত্র) প্রনব রায়-কে দায়িত্ব প্রদান করেছেন।