https://www.a1news24.com
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০২

শ্রীপুরে ৪৮৭২ জন কৃতি শিক্ষার্থীদের সুলতান উদ্দিন স্মৃতি বৃত্তি ও সংবর্ধনা প্রদান

টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা, নগদ টাকা, ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয়েছে। সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির উদ্যোগে ‘সুলতান উদ্দিন স্মৃতি বৃত্তি প্রকল্প-২০২৫’ আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়। সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৩টায় শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া (নতুন বাজার) এলাকায় সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীপুর উপজেলা কিণ্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি এবং সুলতান উদ্দিন স্মৃতি বৃত্তি প্রকল্পের উপদেষ্টা আবুল হোসেন প্রধানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য সংসদ সদস্য (গাজীপুর-৩) অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আমি শিক্ষার উন্নয়ন চাই। শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে চাই। শিক্ষার জন্য যা কিছু করা দরকার তা করতে চাই। আমি আশা করি আজকের শিশুরা ভবিষ্যতের জন্য যেন উপযোগী হয়ে তৈরি হয়। শিশুদের স্কুলের যেকোন অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেই আমি অংশগ্রহণ করি এবং তাদেরকে উৎসাহ দেই। মনে রাখবেন তারাই আমাদের দেশের এবং জাতির সম্পদ। তাদের মধ্যে একটা প্রতিযোগীতার বড় চ্যালেঞ্জ আছে। কিন্ডার গার্টেন স্কুলে খেলাধুলার মাঠ না থকালেও লেখাপড়ার মান ভালো। কিন্ডার গার্টেন স্কুলগুলোতে খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে। শিশুদের উপযোগী দেশ হিসেবে রেখে যাওয়ার জন্য যা করার আমরা তাই করব।

ছাপিলাপাড়া শামীম মাস্টার মডেল একাডেমীর পরিচালক শামীম আহমেদ এবং চাইল্ড কেয়ার হাই স্কুলের পরিচালক ফজর আলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন হীড বাংলাদেশ’র নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ এবং গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক। বক্তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। শিক্ষাক্ষেত্রে এ ধরনের সামাজিক ও সেবামূলক উদ্যোগের প্রশংসা করেন তারা।

প্রসঙ্গত, সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমির ব্যবস্থাপনায় ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় ২০৬টি স্কুলের আট হাজার ৭৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে চার হাজার ৮৭২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ক্রমানুসারে প্রথম তিনজনকে গোল্ডেন আইকন, ৮৫ জন শিক্ষার্থীকে নগদ তিন হাজার টাকাসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ২৫ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে একাডেমির শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরো..