https://www.a1news24.com
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩১

শ্রীপুরে নিখোঁজ কলেজ শিক্ষার্থীর মরদেহ ২৭ ঘণ্টা পর সুতিয়া নদী থেকে উদ্ধার

টি আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা ও সুতিয়া নদীর মোহনায় ত্রিমোহনী ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কলেজ শিক্ষার্থী লামিয়া আক্তারের (১৭) মরদহে ২৭ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাংগুন গ্রামের তিন নদীর মোহনা থেকে দুপুর দেড়টায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর এটিএম মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

কলেজ শিক্ষার্থীর লামিয়া আক্তার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাংগুন গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। সে গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের ক্যাপ্টেন গিয়াস উদ্দিন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর এ টি এম মাহমুদুল হাসান বলেন, বৃহস্পতিবার (১৪ আগস্ট) দ্বিতীয় দিন সকাল ১০টার দিকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারে অভিযান শুরু করে ডুবুরি দল। সকাল থেকে ডুবুরি দল শীতলক্ষ্যা, সুতিয়া এবং শীলা নদীতে তল্লাশি চলায়। পরে দুপুর দেড়টায় ত্রিমোহনী ব্রিজ থেকে ৫০০ মিটার দূরে সুতিয়া নদী থেকে কলেজ শিক্ষার্থী লামিয়া আক্তারের মরদেহ উদ্ধার করে তারা।

প্রসঙ্গত, বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে শ্রীপুর উপজেলার নান্দিয়া সাংগুন এলাকায় ত্রিমোহনী ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে কলেজ শিক্ষার্থী লামিয়া আক্তার নিখোঁজ হয়। খবর পেয়ে ওইদিন টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে দুপুর আড়াইটা থেকে উদ্ধার অভিযানে শুরু করে। রাত হয়ে যাওয়ায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার অভিযান বন্ধ রাখে।

আরো..