https://www.a1news24.com
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৪

শ্রীপুরে অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার

টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে অটোনিক্সা চালক আসিফ হোসেনের (২১) গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আসিফের অটোরিকশা পাশের সিদ্দিকের পরিত্যক্ত বাড়ীর বাহিরে পাওয়া যায়। বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ি (উত্তরপাড়া) বগার ভিটা এলাকার গজারি বনের ভিতর নিচু জমি থেকে তার মরদহে উদ্ধার করা হয়।

নিহত আসিফ হোসেন (২১) শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি বগার ভিটা উত্তরপাড়া এলাকার হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। দেড় মাস যাবত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো আসিফ। সে তার মার সাথে থেকে স্থানীয় মিজানু রহমানের মেয়ে মিরজানা আক্তার মিমকে বিয়ে করে।

নিহতের স্ত্রী মিরজানা আক্তার মিম জানান, তাদের সংসারে ৭ মাস বয়সী একটি কন্যা সন্তান আছে। বুধবার (১৩ মে) দুপুরে স্ত্রীর সাথে দুপুরের খাবার শেষে বিকেল ৫টার দিকে অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয় আসিফ। বের হওয়ার সময় স্ত্রীকে বলে শিশু সন্তানের জন্য দুধের কৌটা, স্ত্রী ও মায়ের জন্য কাপড় নিয়ে আসবে। আসিফ প্রতিদিন রাত ৯টা থেকে ১০টার মধ্যে বাড়ি ফিরে আসে। ওইদিন ১০ টার পরও আসিফ বাড়িতে না আসলে স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজতে থাকে। রাত ১ টার দিকে স্ত্রী তার স্বামীর মোবাইলে ফোন দিলে রিসিভ করেনি। পরে আসিফের মা আছমা আক্তারকে জানালে রাত ২টার দিকে তিনি ফোন দিলে আসিফের মোবাইল বন্ধ পান। বৃহস্পতিবার সকালে আসিফের স্ত্রী, শ্যালক এবং তার মাসহ স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি শুরু করে। সকালে তিনি বাড়ী থেকে বের হওয়ার সময় আসিফের অটোরিকশা পাশের সিদ্দিকের পরিত্যক্ত বাড়ীর বাহিরে দেখতে পাননি। তবে মরদেহ পাওয়ার খবরে সকাল ৭টার দিকে ওই বাড়ীর বাহিরে অটোরিকশা দেখতে পান। একপর্যায়ে নিহতের শ্যালক জিসান বাড়ীর পাশে রাজাবাড়ী-শ্রীপুর সড়কের পূর্ব পাশে গজারি বনের ভেতর নিচু জমিতে আসিফের গলাকাটা মরদেহ দেখতে পান। মরদেহের খবরে এলাকার লোকজন ঘটনাস্থলে ভীর জমায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহের সুরতহাল করে।

নিহতের স্ত্রী মিরজানা আক্তার মিম আরো জানান, এক মাস যাবত একটি মেয়ে তার মোবাইলে ফোন দিয়ে খালি বলতো ইজ্জতপুর থেকে রোগী নিয়ে শ্রীপুর নিয়ে যেতে হবে। পরে আমি ফোন রিসিভ করে ওই মেয়েকে বলি আপনি আর ফোন দিবেন না। সে (আমার স্বামী) রোগী নিয়ে যাবে না। না করার পর প্রায় ৫-৬দিন যাবত ওই মেয়ে আর ফোন দেয় না।

নিহতের মামা হেলাল উদ্দিন জানান, প্রায় তিন বছর আগে তার বাবা দ্বিতীয় বিয়ে করে ওই স্ত্রীকে নিয়ে গাজীপুর বসবাস করে। এরপর থেকে তার বোন আসিফের মা আছমা আক্তার তিন সন্তানকে নিয়ে ডোয়াইবাড়ি (উত্তরপাড়া) বগার ভিটা এলাকার বনের জমিতে ঘরে তুলে বসবাস করে। আসিফের মা স্থানীয় চায়না পোশাক কারখানায় চাকরি করে। এলাকার কারো সাথে তার কোনো বিরোধ ছিল না।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাক উজ্জামান বলেন, মরদেহের ডান কবজির উপরে কামড়ের দাগ, মরদেহের পাশ থেকে ছোট্ট একটি ছুরি, একটি হলুদ ওড়না, মেয়েদের মাথার চুল বাঁধার কাকড়া (ক্লিপ) ও পুরুষের দুই জোড়া স্যান্ডেল, মাথার ক্যাপ, একটি বাটন মোবাইল পাওয়া গিয়েছে। মরদেহের ১০ গজ দূর থেকে নারীর পায়ের একজোড়া স্যান্ডেল পাওয়া গেছে। সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে আলামত দেখে বুঝা যাচ্ছে ঘটনাটি নারী ঘটিত ঘটনার জেরে হত্যার ঘটনা হয়ে থাকতে পারে।

তিনি আরো বলেন, নিহতের গলায় উপর্যুপরি ছুরিকাঘাতের আঘাত পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে এটা পেশাদার কোনো কিলারের না। কারণ, তার অটো এবং অটোর চাবিও রেখে গেছে। অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা করে থাকলে অটো নিয়ে যেতো দুর্বৃত্তরা।

শ্রীপুর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকান্ডে রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো..