শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও হরিনগর ইউনিয়নের দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায় এক হাজার গাছের চারা বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন হাই স্কুলের সাইক্লোন সেন্টারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা জেলা পরিষদের তত্ত্বাবধানে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আহমদ আলী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি সোলায়মান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সামাজিক বনায়নের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের উদ্যোগকে সহযোগিতা করার লক্ষ্যে জেলা পরিষদের পক্ষ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন বিদ্যালয় ও সামাজিক সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি সুন্দরবনের সৌন্দর্য রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম।”
হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন বিদ্যালয়ের অবকাঠামো, মাঠ, চারপাশের পরিবেশ এবং শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানের প্রশংসা করেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “একটি শিশুকে যেমন যত্ন করে বড় করতে হয়, তেমনি একটি গাছের চারাও যত্ন ও পরিচর্যা করলে একদিন তা বড় হয়ে ফল দেবে। তখন সেই গাছ নিজের কাছে আনন্দ ও সাফল্যের প্রতীক হয়ে উঠবে।”
এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে নিজ হাতে কয়েকটি গাছের চারা তুলে দেন এবং বাড়িতে নিয়ে সঠিকভাবে রোপণ, সংরক্ষণ ও পরিচর্যার আহ্বান জানান।