https://www.a1news24.com
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০২

শুরু হল ৩য় আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড: অংশ নিচ্ছে বাংলাদেশ

কাজাখস্তানের রাজধানী আস্তানায় শুরু হয়েছে ৩য় আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড ( আইওএআই ২০২৬)। এটি উদ্বোধন করেন কাজাখস্তানের রাষ্ট্রপতি কাসিম-জোমার্ত তোকায়েভ। ১০০-এরও বেশি দেশ থেকে প্রায় ৪০০ জন শিক্ষার্থীর সঙ্গে বাংলাদেশের এআই দল এতে অংশ নিচ্ছে। দলনেতা হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউটের (আইআইটি) অধ্যাপক ড. বি এম মাইনুল হোসেন। দলে প্রতিযোগী হিসেবে রয়েছেন কুমিল্লার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির মো: সাইদুজ্জামান আরাফ, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির অনন্য যারিফ আকন্দ এবং নটর ডেম কলেজের একাদশ শ্রেণির মোবতাসিম চৌধুরী প্রিয়ম।

আজ ৪ আগস্ট অলিম্পিয়াডের প্রথম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে — যেখানে মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন ও ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সংক্রান্ত জটিল সমস্যার সমাধান করতে হয়। এই বছর প্রথমবারের মতো যুক্ত হয়েছে ” এআই মডেল ট্র্যাক”। যেখানে বিশ্বের বিভিন্ন এআই ল্যাব ও প্রতিষ্ঠান তাদের নিজস্ব এআই মডেল দিয়ে একই প্রতিযোগিতামূলক সমস্যার সমাধান করবে, মানুষের হস্তক্ষেপ ছাড়াই।

এর আগে গত ৩ আগস্ট আস্তানায় পৌঁছানোর পর দলটি আয়োজক কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক অভ্যর্থনা গ্রহণ করে এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে। এরপর গত ১৩ জুন আয়োজিত এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের অর্জিত ৩টি স্বর্ন পদক তুলে দেন দলনেতার হাতে। ২ থেকে ৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য আইওএআই ২০২৬-এ অংশগ্রহণের মধ্য দিয়ে এই দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। প্রতিযোগিতার দিনগুলোতে উদ্বোধনী অনুষ্ঠান, বিভিন্ন দর্শনিয় স্থান পরিদর্শন এবং সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি মূল প্রতিযোগিতা পর্ব অনুষ্ঠিত হবে। আস্তানায় অনুষ্ঠিত এটি আইওএআই-এর তৃতীয় আসর — ২০২৪ সালে বুলগেরিয়া এবং ২০২৫ সালে চীনে অনুষ্ঠিত হওয়ার পর এবার প্রথমবারের মতো মধ্য এশিয়ায়, কাজাখস্তানে অনুষ্ঠিত হচ্ছে।

দলনেতা অধ্যাপক ড. বি এম মাইনুল হোসেন বলেন, ” বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে অংশ নিতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। বিশ্বের ১০০-এর বেশি দেশের সেরা শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করার এই সুযোগ আমাদের শিক্ষার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। আমরা আশাবাদী, বাংলাদেশ এই আসরে ভালো ফলাফল করবে।” বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আশা প্রকাশ করছে, এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অংশগ্রহণ ও সাফল্য দেশের তথ্যপ্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে নতুন প্রেরণা যোগাবে।

কাজাখস্তানের কম্পিটিটিভ প্রোগ্রামিং ফেডারেশন (সিপিএফইডি) ও আইওএআই ২০২৬ আয়োজক কমিটির আনুষ্ঠানিক আমন্ত্রণে বাংলাদেশ এআই দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোগে আয়োজিত বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড (বিডিএআইও)-এর মাধ্যমে সারাদেশ থেকে বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে এই দল গঠিত হয়েছে।

উল্লেখ্য, গত এপ্রিল মাস থেকে বাংলাদেশ এআই অলিম্পিয়াডের কার্যক্রম শুরু হয়ে মে মাসে আঞ্চলিক পর্ব ও ১৬ মে বিইউবিটি-তে জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। এরপর ২০–২৩ মে অনুষ্ঠিত জাতীয় সিলেকশন ক্যাম্পের মূল্যায়নের পর এই দল নির্বাচন করা হয়। এরপর প্রায় ২ মাস বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর তত্ত্বাবধানে তাদেরকে অনলাইনে মেন্টরিং ও প্রশিক্ষণ দেয়া হয়।

বাংলাদেশ এআই অলিম্পিয়াডের আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। প্লাটিনাম স্পন্সর ও জাতীয় পর্বের হোস্ট হিসেবে ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজিনেস অ্যান্ড টেকনলজি (বিইউবিটি)। পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে যুক্ত ছিল রিভ চ্যাট। এছাড়া গোল্ড স্পন্সর হিসেবে ছিল ব্রেইন স্টেশন ২৩, সিলভার স্পন্সর মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি, ব্রোঞ্জ স্পন্সর বিটনা এবং নলেজ পার্টনার হিসেবে সহযোগিতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট (আইআইটি)। ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল কিশোর আলো ও বিজ্ঞান চিন্তা। আয়োজনের টিভি পার্টনার হিসেবে ছিল দীপ্ত টিভি এবং অন্যান্য পার্টনার হিসেবে যুক্ত আছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), রকমারি ডট কম ও জাদু পিসি।

এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি এবং ছবি আপনার বহুল প্রচারিত ও জনপ্রিয় গণমাধ্যমে প্রকাশের জন্য এই ইমেইলের সাথে সংযুক্ত করা হলো। আপনার গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হলে দেশের প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীরা বিশেষভাবে অনুপ্রাণিত হবে।

আরো..