মো.অহিদ সাইফুল: ঝালকাঠির রাজাপুরে ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মল্লিকা দাস, উপজেলা প্রকৌশলী এসএম জিয়াউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল বশার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্তার হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা শাহনাজ পারভিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টায় অর্থনৈতিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে মানুষ স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। তাই সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।