https://www.a1news24.com
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫২

যুক্তরাষ্ট্রে ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড’-এ আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ববিতা

যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংগঠন আনন্দ মেলা-এর উদ্যোগে আগামী ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ২০২৬’। অনুষ্ঠানটি হবে লস অ্যাঞ্জেলেস-এর হলিউড সাইন সংলগ্ন এলাকায়, যা আয়োজকদের মতে এবারের সবচেয়ে বর্ণাঢ্য আয়োজন হতে যাচ্ছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সিইও খান মোহাম্মদ আলী জানিয়েছেন, ২০১৭ সাল থেকে নিয়মিতভাবে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এবারও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে।

এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে ২৬ জুলাই বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী ববিতা-কে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রতিনিধি এই সম্মাননা তার হাতে তুলে দেবেন।

ববিতা বলেন, যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এটি তার জন্য বিশেষ সম্মাননা। তিনি জানান, দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের আমন্ত্রণ পেলেও এবারই প্রথম তিনি প্রবাসী বাংলাদেশি সংগঠন থেকে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন।

তিনি আরও বলেন, হলিউডের পাশে এমন আয়োজন বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে আরও পরিচিত করবে এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি গর্বের বিষয়।

খান মোহাম্মদ আলী বলেন, ববিতার উপস্থিতি ও সম্মতি পুরো আয়োজনে নতুন মাত্রা যোগ করেছে। প্রবাসীদের মধ্যে এই খবরে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, এর আগে ববিতা যুক্তরাষ্ট্রের নর্থ টেক্সাসে ‘ববিতা ডে’ হিসেবে সম্মানিত হন। তিনি সম্প্রতি দেশের অন্যতম মর্যাদাপূর্ণ একুশে পদক অর্জন করেন।

আরো..