বলিউডের প্রবীণ ও জনপ্রিয় অভিনেতা ভরত কাপুর আর নেই। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে মুম্বাইয়ে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
দীর্ঘ অভিনয় জীবনে তিনি মূলত ভিলেনের সহচর ও চরিত্রাভিনয়শিল্পী হিসেবে দর্শকদের মন জয় করেছিলেন। সংলাপ উপস্থাপন ও স্বতন্ত্র অভিনয়শৈলীর কারণে তিনি বলিউডে আলাদা পরিচিতি পান। একই সঙ্গে থিয়েটার মঞ্চেও তার উল্লেখযোগ্য অবদান ছিল।
তার মৃত্যুতে বলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু অবতার গিল জানান, গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
১৯৭০-এর দশকে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন ভরত কাপুর। তিনি ‘নুরি’, ‘রাম বলরাম’, ‘লাভ স্টোরি’, ‘বাজার’, ‘গুলামি’ ও ‘সাজন চলে শ্বশুরাল’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। আইনজীবী, পুলিশ বা খলনায়ক—বিভিন্ন চরিত্রে তার সাবলীল অভিনয় দর্শকপ্রিয়তা এনে দেয়।
চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনেও তিনি সক্রিয় ছিলেন। ‘ক্যাম্পাস’, ‘আমানত’, ‘তারা’ ও ‘চুনোতি’-সহ একাধিক ধারাবাহিকে তার উপস্থিতি দর্শকদের মনে দাগ কেটে যায়।
পারিবারিক জীবনে তিনি স্ত্রী লোপা, দুই পুত্র রাহুল ও সাগরকে রেখে গেছেন। তার একমাত্র কন্যা কবিতা আগেই মৃত্যুবরণ করেন।
ভরত কাপুরের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে এক যুগের অবসান ঘটল বলে মনে করছেন অনেকে। তবে তার অভিনীত চরিত্রগুলো দর্শকদের স্মৃতিতে দীর্ঘদিন বেঁচে থাকবে।