https://www.a1news24.com
৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৬

মৃত্যুর প্রায় চার মাস পর দেশে ফিরল কলারোয়ার শুভ দাসের লাশ

ইসরায়েলি ড্রোন হামলায় নিহত

নিজস্ব প্রতিনিধি: পারিবারিক অভাব-অনটন দূর করার স্বপ্ন নিয়ে আড়াই বছর আগে ভিটেমাটি বিক্রি করে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন সাতকক্ষীরা কলারোয়া উপজেলার তরুণ শুভ দাস (২৪)। ইচ্ছা ছিলো পরিবারের মুখে হাসি ফোটাবেন, ঘুচাবেন দীর্ঘদিনের দারিদ্র্য। কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত সেই স্বপ্ন নির্মমভাবে কেড়ে নিল। লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারানোর দীর্ঘ ৩ মাস ২৫ দিন পর অবশেষে লাল-সবুজের পতাকায় মোড়ানো কফিনে বন্দি হয়ে জন্মভূমিতে ফিরলেন এই রেমিট্যান্স যোদ্ধা।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শ্রীপতিপুর গ্রামে শুভ দাসের লাশ এসে পৌঁছায়। লাশবাহী গাড়িটি গ্রামে প্রবেশ করতেই স্বজনদের বুকফাটা আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। উপার্জনক্ষম ছেলে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। এ সময় তাকে শেষ নজর দেখতে হাজারো শোকাহত মানুষ শুভদের বাড়িতে ভিড় জমান। পরে দুপুরে পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া ও সমাধি সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিন ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন শুভ। পরিবারের অভাব মেটাতে বসতভিটার দুই শতক জমি বিক্রি করে লেবাননে গিয়েছিলেন তিনি। কিন্তু গত ১১ মে লেবাননের দক্ষিণাঞ্চলে কর্মস্থলে কাজ করার সময় ইসরায়েলি বাহিনীর চালানো এক ড্রোন হামলায় ঘটনাস্থলেই নিহত হন শুভ। দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া ও সরকারি তৎপরতা শেষে মৃত্যুর প্রায় চার মাস পর আজ তার লাশ দেশে ফিরল।

এদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের খুলনা বিভাগীয় অফিসের কাউন্সিলর মইন উদ্দীন জানান, সরকারের পক্ষ থেকে ৮৫ হাজার টাকার চেক গতকাল রাতেই দেওয়া হয়েছে। চলতি মাসে আরো ৩ লাখ ও কয়েকমাস পর জীবন বীমার আরো ১০ টাকা অনুদান পাবেন।

আরো..