https://www.a1news24.com
৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৫

ভবিষ্যতে যেন জ্বালানি সংকট না হয়, সে ব্যাপারে জোর দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশে চলমান জ্বালানি সংকট সমাধানে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যেন এ ধরনের সংকট আর তৈরি না হয়, সে বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে দেশে বড় সমস্যা জ্বালানির সমস্যা। সমস্যা সমাধানে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাস্তবায়ন হতে কিছু সময় লাগবে। ভবিষ্যতে যেন কোনো সংকট তৈরি না হয়, সে ব্যাপারে জোর দেওয়া হয়েছে।’

তারেক রহমান বলেন, ‘স্বৈরাচারই হোক অথবা অন্তর্বর্তী সরকারেরই সৃষ্ট সমস্যা হোক—সেগুলো সমাধানের চেষ্টা চলছে। এ সমস্যাকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। কেউ যদি অরাজকতা করতে চায়, তাহলে দেশের আইনে বলা আছে তা কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে। প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার।’

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দলটির রাজনৈতিক ভূমিকা তুলে ধরে তারেক রহমান বলেন, যখনই দেশ সংকটে পড়েছে, তখনই বিএনপি দেশের হাল ধরেছে।

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের সঙ্গে বিএনপি, শহিদ জিয়া ও প্রয়াত খালেদা জিয়ার নাম ওতপ্রোতভাবে জড়িত। যখনই দেশ সংকটে পড়েছে, তখনই বিএনপি তার হাল ধরেছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি লুকিয়ে বা গুপ্তভাবে কিছু করেনি, জনগণের অধিকার আদায়ে বিএনপি সর্বদা রাজপথে ছিল। দেশে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য যতগুলো নির্বাচন হয়েছে, ততবারই বিএনপি সরকার গঠন করেছে।’

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তারেক রহমান। জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘স্বৈরাচারের সময় যেমন গুপ্তরা লুকিয়ে ছিল, এখন কি সেই গুপ্তদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে, কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে—তা জনগণের সামনে উন্মুক্ত করা দরকার।’

তিনি প্রশ্ন রাখেন, ‘গুপ্তরা তাহলে কি স্বৈরাচারকে সুযোগ দিচ্ছে? ৭১ থেকে শুরু করে নানা সময়ে তারা একজন আরেকজনকে গুপ্ত বা আড়াল করে দিয়েছে।’

জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি আবারও বলেন, এ ধরনের সংকট যাতে ভবিষ্যতে আর তৈরি না হয়, সে বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।

আরো..