https://www.a1news24.com
২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৬

বুলবুল হত্যাকাণ্ডের বিচার দাবিতে বন্দরবাসীর প্রতিবাদ ও বিক্ষোভের ঘোষণা

বন্দর নারায়ণগঞ্জ, ২১ আগস্ট: ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর দক্ষিণ শাখার জয়েন্ট সেক্রেটারি ও ইসলামী যুব আন্দোলন বন্দর থানার আইন ও মানবাধিকার সম্পাদক মুহাম্মাদ বুলবুলকে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার এবং দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

আজ (২১ আগস্ট) রাতে এক যৌথ বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম ও সেক্রেটারি মুহাম্মাদ সুলতান মাহমুদ, এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এইচ এম রবিউল ইসলাম এ দাবি জানান। একই সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দ—সভাপতি আতিকুর রহমান মুজাহিদ ও সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী—ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় মুহাম্মাদ বুলবুলের ওপর সন্ত্রাসী সিফাত বাহিনী হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যা করেছে, যা একটি ন্যাক্কারজনক ও বর্বরোচিত ঘটনা। একজন নাগরিকের ন্যায়সংগত প্রতিবাদের অধিকারকে সহিংসতার মাধ্যমে দমন করার এই অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা আরও উল্লেখ করেন, বন্দরে এর আগেও চাঁদাবাজির প্রতিবাদ করায় ইসলামী আন্দোলনের নেতা নুর হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনা প্রমাণ করে, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিতকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি নারায়ণগঞ্জসহ সারাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও রাজনৈতিক পরিচয়ে অপরাধ দমনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তারা বলেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই; অপরাধীর পরিচয় একটাই—সে অপরাধী। যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তবে জনগণের ক্ষোভ ভয়াবহ আকার ধারণ করতে পারে।

এদিকে, বুলবুল হত্যার বিচার দাবিতে আগামীকাল (২১ আগস্ট, শুক্রবার) বাদ জুমআ নারায়ণগঞ্জ বন্দর শাহী মসজিদ এলাকায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। এতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, “শহিদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। বুলবুল হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

আরো..