https://www.a1news24.com
২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২০

বাগেরহাটে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ভ্রাম্যমাণ আদালতে একজনের ৩ মাসের কারাদণ্ড, অপরজনের বিরুদ্ধে মামলা

এস. এম. সাইফুল ইসলাম কবির: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনঘেঁষা বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন—মিত্রডাঙ্গ গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে মো. কাইয়ুম শেখ (৩৫) এবং নুরুল্লাপুর গ্রামের আব্দুল বারেক শেখের ছেলে মো. দেলোয়ার হোসেন শেখ (৬০)।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কাইয়ুম শেখকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন।

অপরদিকে, দেলোয়ার হোসেন শেখের দখল থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহায়তায় মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে কাইয়ুম শেখ ও দেলোয়ার হোসেন শেখকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহায়তায় মোরেলগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে কাইয়ুম ও দেলোয়ারকে হাতেনাতে আটক করা হয়।”

তিনি আরও জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এদিকে, স্থানীয়দের দাবি, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হলে মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। বিশেষ করে মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

আরো..