https://www.a1news24.com
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৮

প্রস্ততি ম্যাচে অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছে টিকতেই পারল না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: মেহেদী হাসান মিরাজ প্রথম ইনিংসে খেলেছিলেন লড়াকু সেঞ্চুরির ইনিংস। কিন্তু দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ধস সেই লড়াইকে ম্লান করে দিয়েছে। মাত্র ৫৪ রানে গুটিয়ে গিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে ইনিংস ও ৩৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

ডারউইনে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সামনে কঠিন বাস্তবতাই তুলে ধরল ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। প্রথম ইনিংসে মিরাজের অপরাজিত ১০৯ রানে ২৬৩ রান তুলেছিল সফরকারীরা। জবাবে স্বাগতিকরা ৩৫৫ রান করে ৯২ রানের লিড নেয়। সেই ব্যবধান পুষিয়ে ম্যাচে ফেরার সুযোগ ছিল দ্বিতীয় ইনিংসে, কিন্তু ব্যাটিং ব্যর্থতায় ২২ ওভারেরও কম সময়ে ৫৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ধসের নায়ক ক্যামবেল থম্পসন। ডানহাতি এই পেসার ১১ ওভারে মাত্র ২৫ রান দিয়ে তুলে নেন ৮ উইকেট। তার আগুনঝরা বোলিংয়ে একের পর এক ব্যাটার সাজঘরে ফিরলে ম্যাচ পুরোপুরি একপেশে হয়ে যায়।

শুরুতেই সাদমান ইসলাম ও মুমিনুল হককে ফেরান থম্পসন। এরপর নাজমুল হোসেন শান্ত শূন্য, সৌম্য সরকার ৫ এবং মুশফিকুর রহিম ২ রান করে বিদায় নিলে চরম চাপে পড়ে বাংলাদেশ। একমাত্র তানজিদ হাসান তামিম ২২ রান করে কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও সেটি বড় হতে পারেনি।

মেহেদী হাসান মিরাজ, যিনি প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন, দ্বিতীয় ইনিংসে করতে পারেন মাত্র ৬ রান। শেষদিকে হাসান মাহমুদ অপরাজিত থাকলেও সঙ্গ দেওয়ার মতো কেউ ছিলেন না। শেষ পর্যন্ত ৫৪ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে একাই লড়েছিলেন মিরাজ। ১৪১ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংসে ১১টি চার ও ৪টি ছক্কা হাঁকান তিনি। নাজমুল হোসেন শান্ত ৩৭ ও সাদমান ইসলাম ৩১ রান করলেও আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি।

জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে টিগ উইলি ১৭৭ বলে ১৩০ রানের দারুণ ইনিংস খেলেন। তাকে ভালো সঙ্গ দেন জেক ডোরান (৭৬) ও কার্টিস প্যাটারসন (৫৩)। তাদের ব্যাটে ভর করে ৩৫৫ রান তুলে ৯২ রানের গুরুত্বপূর্ণ লিড নেয় স্বাগতিকরা।

বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল ছিলেন। টাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট।

তবে শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দেয় দ্বিতীয় ইনিংসের ব্যাটিং বিপর্যয়। মিরাজের সেঞ্চুরি ও হাসান মাহমুদের বোলিংও বাংলাদেশের বড় হার এড়াতে পারেনি। ইনিংস ও ৩৮ রানের দাপুটে জয় নিয়ে প্রস্তুতি ম্যাচ শেষ করে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ।

আরো..