ক্রীড়া ডেস্ক: জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ড গত বছর খেলছিলেন জিয়াউর রহমান। কিন্তু ম্যাচ খেলতে খেলতেই লুটিয়ে পড়ে পরপারে পাড়ি জমান গ্র্যান্ড মাস্টার জিয়া। ৫০ বছর বয়সী দাবাড়ুর অকালমৃত্যুতে বিপদে পড়ে তার পরিবার।বিশেষ করে জিয়াউর রহমানের ছেলের ক্যারিয়ার থমকে যাওয়ার শঙ্কা তৈরি হয়।
বাবার মতোই দাবাড়ু ছেলে তাহসিন তাজওয়ার। হতে চান বাবা জিয়ার মতোই গ্র্যান্ড মাস্টার। কিন্তু বাবার মৃত্যুতে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। ছেলের স্বপ্ন পূরণ করতে তাই মা লাবণ্য রহমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আর্থিক সহায়তা চেয়েছিলেন।
তাতে সাড়া দিয়েছে বিসিবি। তাহসিনের পাশে দাঁড়াতে ১৫ লাখ ৮০ হাজার টাকা সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বিসিবি। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এ বছর বেশ কিছু আন্তর্জাতিক টুর্নামেন্ট আছে।
টুর্নামেন্টগুলোয় রেটিং বাড়িয়ে গ্র্যান্ড মাস্টার হওয়ার লক্ষ্যে লড়বেন ফিদে মাস্টার তাহসিন। বর্তমানে ১৯ বছর বয়সী দাবাড়ুর রেটিং ২৩২৩।তাহসিনের পাশে দাঁড়ানো বিষয়ে বিবৃতিতে সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘তাহসিন খুবই মেধাবী দাবা খেলোয়াড়। তাকে তার কিংবদন্তি বাবার পথ অনুসরণ করতে দেখা আনন্দের। আমরা তার সাফল্যের সঙ্গী হতে চেয়েছি।
আমরা চাই আন্তর্জাতিক মাস্টারের পর সে একদিন গ্র্যান্ড মাস্টারও হোক।’আগামী মাসে পেত্রোভাসে হতে যাওয়া বিশ্ব জুনিয়র অনূর্ধ্ব-২০ দাবা চ্যাম্পিয়নশিপ দিয়ে স্বপ্নের পেছনে ছুটবেন তাজওয়ার। এরপর খেলবেন শ্রীলঙ্কায় এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপ, হাঙ্গেরিতে গ্র্যান্ড মাস্টার্স ও আন্তর্জাতিক মাস্টার্সে।